বিনোদন
পাকিস্তানের জার্সিতে ডুয়া লিপা! সামাজিক মাধ্যমে হাস্যরস ও তুমুল হইচই
পপ তারকা ডুয়া লিপার একটি এডিট করা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পাকিস্তানি ও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। তবে বাস্তবে তিনি পাকিস্তান ক্রিকেট দলের জার্সি কখনোই পরেননি।
ঘটনার সূত্রপাত ২৯ আগস্ট। ওইদিন ডুয়া লিপা আয়নার সামনে দাঁড়িয়ে একটি সেলফি পোস্ট করেছিলেন। ছবিতে তিনি সাধারণ সাদা টি-শার্টে ছিলেন। কিন্তু কিছু ভক্ত ফটোশপ ও এআই প্রযুক্তি ব্যবহার করে সেই পোশাকের জায়গায় পাকিস্তান ক্রিকেট দলের জার্সি বসিয়ে দেন। মুহূর্তেই ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
প্রশ্ন উঠতে শুরু করে— “ডুয়া লিপা কি সত্যিই পাকিস্তানের জার্সি পরে ছবি পোস্ট করেছিলেন?” এর উত্তর অবশ্য স্পষ্ট— না।
এই ছবির মাধ্যমে আবারও পরিষ্কার হলো, এআই এডিট ও ডিপফেক কনটেন্ট কত দ্রুত বিভ্রান্তি তৈরি করতে পারে। লিপার সেই সাধারণ টি-শার্টকে অনেকে রূপান্তর করেছেন বিভিন্ন দলের জার্সিতে। কেউ বসিয়েছেন ফুটবল ক্লাব পিএসজি, বায়ার্ন মিউনিখ কিংবা ভ্যালেন্সিয়ার লোগো, আবার কেউ বানিয়েছেন আইপিএলের পাঞ্জাব কিংসের জার্সি।
ফলে মজার ছলে শুরু হওয়া এই খেলা পরিণত হয় এক ধরনের ভার্চুয়াল প্রতিযোগিতায়— কে আগে কাকে তাদের প্রিয় দলের “অঘোষিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর” বানাতে পারে।
পাকিস্তানি সমর্থকদের একটি অংশ এই এডিট করা ছবিকে গর্বের সঙ্গে শেয়ার করে দাবি করেছেন, ডুয়া লিপা তাদের দলকে সমর্থন করছেন। অন্যদিকে বিরোধী সমর্থকেরা ছবিটিকে নিছক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন।
চলমান এশিয়া কাপ ক্রিকেটের উত্তেজনার মধ্যেই ভাইরাল হওয়া এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে একদিকে হাস্যরসের খোরাক জুগিয়েছে, অন্যদিকে বিভ্রান্তিও বাড়িয়েছে।