বিনোদন

জুয়া কাণ্ডে উর্বশী ও মিমিকে তলব, নজরে আরও তারকা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

জুয়া কাণ্ডে উর্বশী ও মিমিকে তলব, নজরে আরও তারকা
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ভারতে অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তদন্তের মুখে পড়েছেন টলিউড তারকা মিমি চক্রবর্তী ও বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁদের তলব করেছে।

ইডি সূত্রে জানা গেছে, আগামীকাল সোমবার দিল্লির ইডি হেডকোয়ার্টারে হাজিরা দিতে হবে মিমিকে। এরপর মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাজির হবেন উর্বশী। তদন্তকারীদের দাবি, তারা এসব অ্যাপের প্রচারের বিনিময়ে মোটা অঙ্কের আর্থিক সুবিধা নিয়েছেন। অ্যাপগুলোর মাধ্যমে কয়েক কোটি টাকা অবৈধভাবে লেনদেন হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

এর আগে একই মামলায় টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরার নামও উঠে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো দুই অভিনেত্রীর নাম।

 

urmi mimi-2-Dhaka Prokah News-15-09-2025.jpg
বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবি: সংগৃহীত

ভারতের গণমাধ্যম জানিয়েছে, বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে বলিউড, দক্ষিণী ইন্ডাস্ট্রি ও ক্রিকেট জগতের বেশ কয়েকজন তারকা জড়িয়ে পড়েছেন। ইতোমধ্যেই ইডির নজরে এসেছেন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতি, প্রকাশ রাজ, উর্বশী রাউতেলা, সুরেশ রায়না ও হরভজন সিং। গত জুনেই সুরেশ রায়না ও হরভজনসহ কয়েকজনকে তলব করে তাঁদের জবানবন্দি রেকর্ড করেছে সংস্থাটি।

এই কেলেঙ্কারিকে ঘিরে শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। জনপ্রিয় তারকাদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ সাধারণ দর্শক-ভক্তদের মাঝেও বিস্ময় ও হতাশা তৈরি করেছে।