বিনোদন
হার্দিকের সঙ্গে মাহিকার প্রেমের গুঞ্জন, কে এই রহস্যময়ী সুন্দরী?
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শুধুমাত্র মাঠে নয়, মাঠের বাইরেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন প্রায়ই। এবার নতুন করে তার প্রেমের গুঞ্জন উঠে এসেছে। শোনা যাচ্ছে, হার্দিকের জীবনে এসেছে এক নতুন নারী তিনি হলেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মা।
যদিও হার্দিক বা মাহিকা কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবে সোশ্যাল মিডিয়ায় কিছু ইঙ্গিতপূর্ণ ছবি ও ভিডিও ঘিরে এই গুঞ্জন আরও জোরাল হচ্ছে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে মাহিকার পেছনে এক পুরুষ অবয়ব দেখা গেছে, যাকে অনেকেই হার্দিক বলে মনে করছেন। এছাড়াও, দুজন একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন এবং মাহিকার একটি ছবি গুজরাটের বডোদরা থেকে পোস্ট করা হয়, যেখানে পেছনের গাড়িটি নাকি হার্দিকের— এমনটাই দাবি নেটিজেনদের একাংশের।
এমনকি গুঞ্জন রয়েছে, মাহিকা নাকি হার্দিকের বাড়িতেও যাতায়াত শুরু করেছেন।

কে এই মাহিকা শর্মা?
মাহিকা শর্মা মূলত একজন মডেল ও অভিনেত্রী। অর্থনীতিতে পড়াশোনা শেষে তিনি ফ্যাশন দুনিয়ায় পা রাখেন। প্রথম সারির ডিজাইনারদের জন্য র্যাম্প মডেলিং করেছেন এবং বেশ কয়েকটি মিউজিক ভিডিও ও ছবিতে কাজ করেছেন। ২০২৪ সালে তিনি "বর্ষসেরা মডেল" পুরস্কারও অর্জন করেন।
তবে তার ক্যারিয়ারের সূচনা নিয়ে অনেকেই তুলনা করছেন হার্দিকের প্রাক্তন স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে। দুজনেই মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন, ফিটনেসপ্রেমী এবং অভিনয়ে পা রাখলেও বড় সাফল্য অধরাই থেকে গেছে। মাহিকা ২০১৯ সালে "পি এম নরেন্দ্র মোদী" সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন, আর নাতাশা ২০১৩ সালে ‘সত্যাগ্রহ’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন।

হার্দিক ও নাতাশা ২০২০ সালে বিয়ে করেন এবং তাদের এক পুত্রসন্তান রয়েছে। তবে ২০২৪ সালে এই তারকা দম্পতির বিচ্ছেদ ঘটে। যদিও তারা এখনও মিলেই সন্তানের অভিভাবকত্ব পালন করছেন।
বর্তমানে মাহিকা-হার্দিকের সম্পর্ক নিয়ে কোনও নিশ্চিত ঘোষণা না এলেও, গুঞ্জন থামছে না। ভক্তদের কৌতূহল— এ কি শুধুই বন্ধুত্ব, নাকি নতুন কোনো অধ্যায়ের সূচনা?