বিনোদন
খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ফুচকা-ঝালমুড়ি খেলেন হানিয়া আমির!
ঢাকায় এসেই একেবারে দেশি স্টাইলে স্বাদ নিতে ভোলেননি পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। ঘুরলেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল, খেলেন ফুচকা, নাগা মরিচের ঝালমুড়ি আর মাটির কাপে দুধ চা সবকিছুই যেন তার কাছে ছিল দারুণ এক অভিজ্ঞতা!
বিশেষ চমক ছিল একটি: খালি পেটে ৩–৪টা নাগা মরিচ দিয়ে ঝাল ফুচকা খেয়ে তাক লাগিয়ে দিলেন সবাইকে!

ঢাকার পুরান ঢাকার নবাব পরিবারের প্রপৌত্র, নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমের মেয়ে নামিরা নাঈমের সঙ্গে দেখা হয়েছে হানিয়ার। নামিরা জানান, হানিয়ার সঙ্গে কাটানো সময় ছিল প্রাণবন্ত ও গল্পে ভরপুর।
"ইনস্টাগ্রামে হানিয়াকে যেমন দেখি, সামনে আরও খোলামেলা, হাসিখুশি ও দারুণ এক মানুষ। ঢাকার স্ট্রিট ফুড নিয়ে ওর আগ্রহ ছিল চোখে পড়ার মতো," — বললেন নামিরা।
নাগা মরিচের ঝাল নিয়ে যারা ভয় পান, তাদের জন্য হানিয়া যেন এক ঝাল-যোদ্ধা! নামিরা বলেন, "ঝালমুড়িতে নাগা মরিচ দিয়ে দিব্যি মজা করে খেলো। ফুচকায় ৩–৪টা মরিচ দিলেও ওর চেহারায় কোনো ভ্রুক্ষেপই নেই! আমরাও অবাক!"

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান তার সোশ্যাল মিডিয়ায় হানিয়ার সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে মজা করে লিখেছেন, “হানিয়া কেন ব্রেকআপ ঝালমুড়ি খেলো?”
ছবিগুলোতে দেখা যায়, আহসান মঞ্জিলের সামনে ফুচকা খাচ্ছেন হানিয়া ও রাফসান। কখনো মাটির কাপে দুধ চা, কখনো ঝালমুড়ি—সব মিলিয়ে মুহূর্তগুলো যেন হয়ে উঠেছে রঙিন ও ভাইরাল।