বিনোদন

যা দেওয়ার ছিল দিয়েছি, ঢাকায় ফিরেই কনসার্ট থেকে অবসর নেব: তাহসান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৪ পিএম

যা দেওয়ার ছিল দিয়েছি, ঢাকায় ফিরেই কনসার্ট থেকে অবসর নেব: তাহসান
সংগীতশিল্পী তাহসান খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন তিনি। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা অবস্থায় তিনি জানান, আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তাহসান খানকে বলতে শোনা যায়, ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’

মেলবোর্নে তাহসান নিজের শেষ কনসার্টে এই ঘোষণা দেন। তাহসান আরও জানান, তার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছেন। 

এমন ঘোষণার বিষয়ে যোগাযোগ করা হলে তাহসান বলেন, ‘কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।’
তিনি বলেন, যা দেওয়ার ছিল, তা দিয়ে ফেলেছি। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণজীবনে ফিরে যেতে চাই।
তাই এই অবসর নেয়া।

আসলে বেশ কিছুদিন ধরেই সরে যাচ্ছিলেন আলোচনার কেন্দ্র থেকে। অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন আগেই। গত বছর তিনি বলেলেন—‘২০ বছর ধরে অভিনয়ে আছি। কিন্তু সবসময় কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়। যখন মনে হয় একঘেয়েমি আসছে, তখন নিজেকেই বিরতি দিতে হয়।’

সংগীতে বিরতির আরও একটি কারণ রয়েছে। তাহসানের কণ্ঠনালিতে বাসা বেঁধেছে হেটেরোটোপিয়া নামের একটি রোগ। এই অসুস্থতায় গলার কাঠামো বদলে যায় এবং গান গাওয়ার শক্তি ক্রমশ কমতে থাকে। ২০১৮ সাল থেকেই সমস্যাটা দেখা দেয়। এ বিষয়ে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ‘যদি দেখেন কনসার্ট কমে যাচ্ছে বা লাইভে গান গাওয়াও কমে যাচ্ছে, তাহলে বুঝবেন সমস্যাটা বেড়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আর না বাড়ে।’

প্রসঙ্গত, তাহসান খান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিখেছেন। ১৯৯৮ তিনি ও আরও কয়েকজন মিলে গঠন করেন ব্যান্ডদল ব্ল্যাক, পরবর্তীতে তিনি ব্যান্ডদল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন।