বিনোদন
ইমতু রাতিশ ও দীপা খন্দকার একসঙ্গে ‘মধ্যবর্তিনী’ নাটকে
জনপ্রিয় অভিনেতা, উপস্থাপক ও মডেল ইমতু রাতিশ এবার অভিনয় করলেন নতুন টেলিফিকশন ‘মধ্যবর্তিনী’-তে। তার সঙ্গে রয়েছেন পরিচিত মুখ অভিনেত্রী দীপা খন্দকার। নাটকটি লিখেছেন মুরাদ পারভেজ এবং পরিচালনা করেছেন জিনাত তামান্না।
জিনাত তামান্নার পরিচালনায় নির্মিত এ নাটকের শুটিং হয়েছে শ্রীমঙ্গলের রশিদপুর চা-বাগানসহ বিভিন্ন মনোরম লোকেশনে। সম্প্রতি দৃশ্যধারণ শেষে মঙ্গলবার সকালে ট্রেনে ঢাকায় ফিরেছেন শিল্পীরা।
নাটকে ইমতু রাতিশকে দেখা যাবে চা-বাগানের এক ম্যানেজারের চরিত্রে, আর তার স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন দীপা খন্দকার। গল্পটি আবর্তিত হয়েছে এক দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির আগমনকে ঘিরে— যা তৈরি করে মানসিক টানাপোড়েন ও আবেগঘন বাস্তবতা।
অভিনয় অভিজ্ঞতা নিয়ে ইমতু রাতিশ বলেন,“স্বামীর জীবনে আসা তৃতীয় নারীর আগমন নিয়েই স্বামী-স্ত্রীর সম্পর্কের দ্বন্দ্ব। ভীষণ সুন্দর একটা গল্প। এই নাটকে অভিনয় করে আমার মনটা ভরে গেছে। মুরাদ ভাই, দীপা আপু ও জিনাত তামান্না সবাই ভীষণ সহযোগিতা করেছেন। আমার করা নাটকগুলোর মধ্যে ‘মধ্যবর্তিনী’ সবসময়ই বিশেষ জায়গায় থাকবে।”
তিনি আরও যোগ করেন,“গল্প, চরিত্র, লোকেশন— সব মিলিয়ে কাজের অভিজ্ঞতা দারুণ। এই ধরনের চরিত্রে কাজ করার মানসিক খিদে থাকে, আর শিল্পীসত্তার আনন্দ এখানেই।”
অন্যদিকে অভিনেত্রী দীপা খন্দকার বলেন,“‘মধ্যবর্তিনী’ আমাদের জীবনেরই গল্প। পরিচালক জিনাত তামান্না নাটকটি নির্মাণে ছিলেন সিরিয়াস ও সচেতন। ইমতু আমার সহশিল্পী হিসেবে দারুণ অভিনয় করেছে। আমি নাটকটি নিয়ে ভীষণ আশাবাদী।”
জানা গেছে, ‘মধ্যবর্তিনী’ নাটক শিগগিরই টেলিভিশনে প্রচারে আসবে।