বিনোদন

বিয়েরও একটা নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত: কাজল


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

বিয়েরও একটা  নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত: কাজল
অভিনেত্রী কাজল। ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কাজল আবারও আলোচনায়। এবার বিয়ে নিয়ে এক চমকপ্রদ মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। তার মতে, বিয়েরও নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত, যাতে সম্পর্ক টিকিয়ে রাখার বা শেষ করার সুযোগ থাকে সময়মতো।

টুইঙ্কেল খান্নাকে সঙ্গে নিয়ে কাজল সঞ্চালনা করছেন নতুন টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’। অনুষ্ঠানের সর্বশেষ পর্বে অতিথি হিসেবে ছিলেন অভিনেতা ভিকি কৌশল ও কৃতি স্যানন। সেখানে ‘এগ্রি/ডিজএগ্রি’ সেগমেন্টে টুইঙ্কেল প্রশ্ন করেন- “বিয়ের কি কোনো মেয়াদ থাকা উচিত?”

kajol1_Dhakaprokash.jpg

ভিকি, কৃতি ও টুইঙ্কেল সবাই বিষয়টির বিপক্ষে মত দেন। তখন টুইঙ্কেল রসিকতা করে বলেন, “না, এটা বিয়ে, ওয়াশিং মেশিন নয়।”

কিন্তু কাজল ভিন্ন মত পোষণ করে বলেন, “আমি মনে করি, বিয়ের মেয়াদ থাকা উচিত। কেউ নিশ্চিত হতে পারে না যে, সে সঠিক মানুষকেই বিয়ে করছে। নবায়নের সুযোগ থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা বা শেষ করার সিদ্ধান্তটা সহজ হতো।”

এরপর টুইঙ্কেলকে নিজের দলে টানার চেষ্টা করেন কাজল, কিন্তু তিনি শেষ পর্যন্ত কৃতি ও ভিকির পক্ষেই থাকেন।

একই অনুষ্ঠানে আরেকটি প্রশ্ন রাখা হয়- “বেস্ট ফ্রেন্ডের সঙ্গে প্রেম করা ঠিক কি না?” প্রশ্নটি শোনামাত্রই টুইঙ্কেল মজার ছলে কাজলকে জড়িয়ে ধরেন এবং বলেন, “আমাদের একজন কমন প্রাক্তন আছে, কিন্তু নাম বলব না।” এ কথায় হাসির রোল পড়ে যায়, আর কাজল বলেন, “চুপ করো!”

kajol2_Dhakaprokash.jpg

কাজলের ‘বিয়ের মেয়াদ’ মন্তব্য ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন- তবে কি কাজল অস্থায়ী সম্পর্কের পক্ষে? কেউ কেউ আবার ইঙ্গিত করছেন, অজয় দেবগনের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগেও স্বামীদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে মন্তব্য করে সমালোচনায় পড়েছিলেন কাজল। এবারও তাঁর নতুন মন্তব্য ঘিরে বলিউডে শুরু হয়েছে নতুন বিতর্ক।