বিনোদন
১০০ বিলিয়ন আয় করে ইতিহাস গড়ল জাপানি সিনেমা ‘ডেমন স্লেয়ার’
বিশ্বব্যাপী বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল জনপ্রিয় জাপানি অ্যানিমেশন চলচ্চিত্র ‘ডেমন স্লেয়ার: ইনফিনিটি ক্যাসেল – পার্ট ১’। সিনেমাটি ইতোমধ্যে আয় করেছে ১০০ বিলিয়ন ইয়েনেরও বেশি, যা জাপানের চলচ্চিত্র ইতিহাসে প্রথম কোনো সিনেমার এমন অর্জন।
গত সোমবার নির্মাতা প্রতিষ্ঠান অ্যানিপ্লেক্স ও তোহো নিশ্চিত করে যে, বিশ্বব্যাপী এই বিপুল অঙ্কের আয়ে ‘ডেমন স্লেয়ার’ নতুন রেকর্ড গড়েছে। জনপ্রিয় মাঙ্গা সিরিজ অবলম্বনে নির্মিত এ ছবি মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে।

নির্মাতাদের তথ্য অনুযায়ী, নতুন এই পর্বটি জাপানের অভ্যন্তরীণ বাজারেও ইতিহাস লিখেছে। এটি স্টুডিও জিবলির কিংবদন্তি সিনেমা ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (২০০১)-কে টপকে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়েছে। প্রথম স্থানে রয়েছে ‘ডেমন স্লেয়ার’ ফ্র্যাঞ্চাইজির আগের সিনেমা, যা করোনা মহামারির সময় মুক্তি পেয়েছিল।
তিন পর্বের পরিকল্পনার প্রথম অংশ ‘ইনফিনিটি ক্যাসেল – পার্ট ১’-এ দেখানো হয়েছে তলোয়ারবাজ তানজিরো কামাদোর শেষ যুদ্ধের গল্প। বোনকে মানব রূপে ফিরিয়ে আনার লক্ষ্যে দানবদের বিরুদ্ধে তার ভয়ংকর লড়াই এবং অসীম তলার রঙিন প্রাসাদের চিত্রায়ণ দর্শকদের মুগ্ধ করেছে। দ্রুতগতির যুদ্ধদৃশ্য, নিখুঁত কারুকাজ এবং ভিজ্যুয়াল ইফেক্ট সিনেমাটিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

কোইয়োহারু গোটৌগে’র মাঙ্গা অবলম্বনে উফোটেবল স্টুডিও অ্যানিমেশনটি নির্মাণ করে। গত আগস্টে উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে এটি মুক্তি পায়। সবচেয়ে সম্প্রতি গত ১৪ নভেম্বর চীনে মুক্তি পাওয়ার পর এর আয় আরও বেড়েছে। আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত ৮ কোটি ৯১ লাখের বেশি দর্শক ছবিটি দেখেছেন।
বিশ্বজুড়ে অ্যানিমেশন বা মাঙ্গা-চলচ্চিত্রের জনপ্রিয়তা যে বহুগুণ বেড়েছে, ‘ডেমন স্লেয়ার’-এর সাফল্য তার বড় প্রমাণ। বাংলাদেশেও ছবিটি মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেক্স, যেখানে দর্শকদের উল্লেখযোগ্য সাড়া পাওয়া যাচ্ছে।