বিনোদন
ট্রাম্পকে ব্যঙ্গ করে ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ড’ জিতলেন জিমি কিমেল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিনের প্রকাশ্য বিরোধ ও পর্দায় তীক্ষ্ণ বিদ্রূপের জন্য পরিচিত সঞ্চালক জিমি কিমেল এবার পেলেন বড় সাফল্য। ৩১তম বার্ষিক ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’-এ সেরা টক শোর স্বীকৃতি পেয়েছে তার জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’।
পুরস্কার গ্রহণের মঞ্চে দাঁড়িয়েও ট্রাম্পকে খোঁচা দিতে ছাড়েননি এই মার্কিন কমেডিয়ান। বিজয়ী বক্তব্যে কিমেল বলেন, "আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পকে। তিনি না থাকলে আজ রাতে আমাদের খালি হাতে বাড়ি ফিরতে হতো।"
ট্রাম্পের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, "মিস্টার প্রেসিডেন্ট, প্রতিদিন আপনি যেসব হাস্যকর কাণ্ড করছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ। গত কয়েক সপ্তাহ ছিল দারুণ। আবার সম্প্রচারে ফিরে এসে আপনার এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আমরা মুখিয়ে আছি।"
বক্তব্যের এক পর্যায়ে কিমেল তার অনুষ্ঠানের লেখক ও কলাকুশলীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রে বাকস্বাধীনতার গুরুত্ব তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, এই ধরণের অর্জন তাদের কাজকে আরও অনুপ্রাণিত করে।
উল্লেখ্য, ২০০৩ সাল থেকে এবিসি নেটওয়ার্কে প্রচারিত ‘জিমি কিমেল লাইভ’ মার্কিন রাজনীতি ও সমসাময়িক ঘটনার স্যাটায়ারের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। বিশেষ করে ট্রাম্প যখনই সামাজিক মাধ্যমে কিমেলকে আক্রমণ করেছেন, কিমেলও অস্কারের মতো বড় মঞ্চ থেকে শুরু করে নিজের শো-তে তার কড়া জবাব দিয়েছেন। ২০২৪ সালের অস্কারে ট্রাম্পের সমালোচনার জবাবে কিমেলের পাল্টা মন্তব্যটি বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। ২০২৭ সাল পর্যন্ত ডিজনির সাথে চুক্তিবদ্ধ হওয়া কিমেল বর্তমানে মার্কিন টেলিভিশন দুনিয়ার অন্যতম প্রভাবশালী নাম।