বিনোদন
স্ত্রীর অনুমতি ছাড়াই দ্বিতীয় বিয়ে, আইনি জটিলতায় অভিনেতা
ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা এবং বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত জীবনের একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে বড় ধরনের আইনি ও সামাজিক সংকটে পড়েছেন। প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে আইনগত বিচ্ছেদ সম্পন্ন হওয়ার আগেই তিনি মডেল রিতিকা গিরিকে বিয়ে করেছেন বলে অভিযোগ উঠেছে।
সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অভিনেতা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করলেও, নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে মুহূর্তের মধ্যেই সেই পোস্ট মুছে ফেলেন। এই ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে টলিউড এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হিরণের এই বিয়েকে সরাসরি ‘অবৈধ’ বলে দাবি করেছেন তার প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। কলকাতার আনন্দপুর থানায় হিরণ চট্টোপাধ্যায় (হিরণ্ময় চট্টোপাধ্যায়) এবং তার দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর এবার মামলা রুজু হলো। অভিযোগ করেছেন হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়।
অভিযোগপত্রে অনিন্দিতা দাবি করেন, তার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই হিরণ দ্বিতীয়বার বিয়ে করেছেন। ভাইরাল হওয়া বিয়ের ছবি/পোস্টের সূত্র ধরে বিষয়টি সামনে আসে বলেও তার অভিযোগ।
পুলিশি সূত্রে জানা যায়, অভিযোগের ভিত্তিতে বধূ নির্যাতন, এক স্ত্রী জীবিত থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে (বিগ্যামি সংক্রান্ত ধারা) এবং অপরাধে সহায়তা এ ধরনের ধারায় মামলা রুজু হয়েছে। জামিন অযোগ্য ধারায় এ মামলা করা হয়েছে বলেও জানা গেছে।
এ ঘটনার পর অনিন্দিতা প্রকাশ্যে বলেন, তাদের মধ্যে বিচ্ছেদ বা ডিভোর্স হয়নি- তাই দ্বিতীয় বিয়েটিকে তিনি “আইনবিরুদ্ধ” বলছেন।
তবে এই অভিযোগ ও বিতর্ক নিয়ে হিরণ এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি।