বিনোদন
১৮ কোটি মানুষের ১৩ কোটিই আমার ফ্যান: অপু বিশ্বাস
সোশ্যাল মিডিয়ায় গ্ল্যামারাস লুকে ঝড় তোলার পর এবার নিজের জনপ্রিয়তা নিয়ে এক বিস্ফোরক ও আত্মবিশ্বাসী মন্তব্য করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন সাজের কিছু ছবি প্রকাশ করে নেটিজেনদের নজর কাড়েন তিনি।
তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এক অনুষ্ঠানে দেওয়া তার সাম্প্রতিক বক্তব্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়ে অপু বিশ্বাস বলেন, “দেশের ১৮ কোটি মানুষের মধ্যে হয়তোবা ১২ থেকে ১৩ কোটি মানুষ আমাকে পছন্দ করেন। বাকিরা হয়তো আমাকে চেনেন না, আর অল্প কিছু মানুষ হয়তো আমাকে অপছন্দ করেন। তবে পছন্দ আর অপছন্দ মিলেই কিন্তু সবাই আমাকে অনুসরণ করেন।”
অপু বিশ্বাসের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলেও তার দীর্ঘ ক্যারিয়ারের সাফল্যকে অস্বীকার করার উপায় নেই। প্রায় দুই দশকের ক্যারিয়ারে শাকিব খানের সঙ্গে ৮০টিরও বেশি সফল সিনেমা উপহার দেওয়া এই নায়িকা আবারও বড় পর্দায় নিয়মিত হচ্ছেন।
কামরুল হাসান ফুয়াদ পরিচালিত দুর্বার সিনেমায় তার নায়ক সজল এবং বন্ধন বিশ্বাস পরিচালিত সিক্রেট সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। পরিচালকদের ভাষ্যমতে, ছবি দুটি চলতি বছরের ঈদ উৎসবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। এরপর শাকিব খান, অপু বিশ্বাস জুটির সূচনা হয় কোটি টাকার কাবিন সিনেমার মাধ্যমে।
গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুকে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। মন্তব্যের ঘরে ভক্তদের ভালোবাসা আর প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে।