বিনোদন
মির্জা আব্বাসের ধৈর্যে বাবার প্রতিচ্ছবি দেখলেন শবনম ফারিয়া
অভিনেত্রী শবনম ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সক্রিয় ও স্পষ্টভাষী। সমসাময়িক বিষয় থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি—সব কিছু নিয়েই তিনি খোলামেলা মত প্রকাশ করে থাকেন। এবার নির্বাচনি প্রচারণার উত্তাপের মধ্যেই বিএনপি নেতা মির্জা আব্বাসকে নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্ট আলোচনার জন্ম দিয়েছে।
ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শবনম ফারিয়া জানান, সাম্প্রতিক সময়ে মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণার কয়েকটি ভিডিও দেখে তার প্রয়াত বাবার কথা মনে পড়ে গেছে। তার মতে, ভিডিওগুলোতে মির্জা আব্বাসের ধৈর্য ও শান্ত আচরণ অনেকটাই তার বাবার মতো।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রার্থী হয়েছেন মির্জা আব্বাস। তার প্রচারণার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেগুলো দেখেই এই অনুভূতির কথা জানান ফারিয়া।
স্ট্যাটাসে অভিনেত্রী লেখেন, “গত কিছুদিন নির্বাচনি প্রচারের বিভিন্ন ভিডিওতে মির্জা আব্বাস সাহেবের ধৈর্য দেখে বাবার কথা মনে পড়ছে।”

কেন এমন মনে হয়েছে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। ফারিয়া জানান, তার বাবা ছিলেন অত্যন্ত ঠান্ডা স্বভাবের মানুষ, বিপরীতে তার মা ছিলেন বেশ দৃঢ় ও কর্তৃত্বপরায়ণ। দাদির কড়া শাসনে বড় হওয়া বাবার জীবন কেটেছে স্ত্রী ও তিন কন্যার শাসনের মধ্যেই।
রসিকতার ছলে ফারিয়া লেখেন, ‘আমি প্রায়ই হাসতে হাসতে বলি আমার বাবার তো জান্নাত অনেকটাই কনফার্মই। আমার বাবা এই দুনিয়ায় ৪১ বছর আমার মাকে, ৬২ বছর তার মাকে এবং পরবর্তীতে তার তিন কন্যাকে—এই ভয়ংকর ৫ মহিলাকে হাসিমুখে সহ্য করে গেছেন। তার শাস্তি তো দুনিয়াতেই শেষ, আর কী শাস্তি পাবে!’
তবে নিজের পোস্ট নিয়ে ভুল ব্যাখ্যা যেন না হয়, সে বিষয়েও স্পষ্ট অবস্থান নিয়েছেন অভিনেত্রী। স্ট্যাটাসের শেষাংশে তিনি উল্লেখ করেন, এটি নিছকই হালকা ও মজার স্মৃতিচারণ—এর সঙ্গে রাজনীতি কিংবা ধর্মের কোনো সম্পর্ক নেই। এমনকি সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ জানান, বিষয়টি নিয়ে যেন সংবাদ না করা হয়।
তবে সেই অনুরোধ সত্ত্বেও শবনম ফারিয়ার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শেষ পর্যন্ত সংবাদে রূপ নিয়েছে।