বিনোদন

‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০২ পিএম

‘বিস্ট গেমস সিজন থ্রি’-তে আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও
জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট তার বহুল আলোচিত রিয়েলিটি শো ‘বিস্ট গেমস’-এর তৃতীয় সিজনের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, আসন্ন সিজনে অংশ নিয়ে প্রতিযোগীরা সর্বোচ্চ ৫০ লাখ বা ৫ মিলিয়ন মার্কিন ডলার জয়ের সুযোগ পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০ কোটি টাকা।

ঘোষণায় মিস্টার বিস্ট জানান, ‘বিস্ট গেমস সিজন থ্রি’-এর জন্য বিশ্বব্যাপী কাস্টিং প্রক্রিয়া শুরু হয়েছে। যে কোনো দেশের আগ্রহী প্রতিযোগী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন এবং নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন। এর ফলে বাংলাদেশি প্রতিযোগীরাও আন্তর্জাতিক এই রিয়েলিটি শোতে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

Untitled-1.jpg

কারা আবেদন করতে পারবেন:

আন্তর্জাতিক এই রিয়েলিটি শোতে অংশ নিতে হলে আবেদনকারীকে অবশ্যই ১৮ বছর বা তার বেশি বয়সী হতে হবে। পাশাপাশি বৈধ পাসপোর্ট থাকতে হবে, যার মেয়াদ অন্তত জানুয়ারি ২০২৭ সাল পর্যন্ত বৈধ থাকতে হবে। আবেদনকারীদের আন্তর্জাতিক ভ্রমণের যোগ্যতাও থাকতে হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিযোগীদের মধ্যে থেকে একাধিক ধাপে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রাথমিকভাবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত রাউন্ডের প্রস্তুতি চলবে। ধারণা করা হচ্ছে, এই নির্বাচন পর্ব ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক স্থানে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহী প্রতিযোগীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রতিযোগিতার শুটিং হবে বিশ্বের বিভিন্ন দেশে। যেখানে অংশগ্রহণকারীদের জন্য থাকবে নানা রোমাঞ্চকর চ্যালেঞ্জ, তীব্র প্রতিযোগিতা এবং বৈশ্বিক মঞ্চে নিজেকে তুলে ধরার অনন্য সুযোগ।