বিনোদন

জামায়াতের প্রচারণায় শাকিব খান, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

জামায়াতের প্রচারণায় শাকিব খান, ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ও গ্রাফিক কার্ড ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, ঢালিউড তারকা শাকিব খান জামায়াতে ইসলামীর প্রচারণায় অংশ নিয়েছেন। ভিডিও ও কার্ডটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকের মধ্যেই বিভ্রান্তি তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ওই কার্ডে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করা হয়েছে এবং সেখানে শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোট চাইছেন—এমন দাবি করা হয়। কার্ডটির সঙ্গে একটি লিংক যুক্ত করা রয়েছে, যেখানে ক্লিক করলে একটি ভিডিও দেখা যায়।

ভিডিওতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে বক্তব্য দিতে দেখা যায়। তার পাশেই শাকিব খানের মতো দেখতে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া ভিডিওটিতে আরও কয়েকজন অভিনয়শিল্পী ও চরিত্র উপস্থিত রয়েছে। ভিডিওর শিরোনাম ও ব্যাকগ্রাউন্ড সংগীতে একে ‘জামায়াতের ভাইরাল গান’-এর অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে ভিডিওটি খতিয়ে দেখে জানা গেছে, এটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও এটি। বাস্তবে শাকিব খান এ ধরনের কোনো ভিডিওতে অংশ নেননি এবং জামায়াতে ইসলামীর কোনো প্রচারণার সঙ্গেও তার সম্পৃক্ততা নেই।

ভিডিওটির মন্তব্য অংশ বিশ্লেষণ করে দেখা যায়, অনেক দর্শক এটিকে সত্য মনে করে প্রতিক্রিয়া জানিয়েছেন। ফলে বিভ্রান্তির মাত্রা আরও বেড়েছে।

এ বিষয়ে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, তিনি এই ভিডিও বা কার্ড সম্পর্কে কিছুই জানেন না। পাশাপাশি সূত্রটি জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শাকিব খান কোনো রাজনৈতিক দলের প্রচারণায় অংশ নেননি।

এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভুয়া কনটেন্ট এবং এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।