বিনোদন

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার, কমেছে ফারুকীর


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৬ এএম

গত এক বছরে সম্পদ বেড়েছে তিশার, কমেছে ফারুকীর
মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। ছবি: সংগৃহীত

মন্ত্রিপরিষদ বিভাগ সম্প্রতি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সম্পদ বিবরণী। প্রকাশিত তালিকা অনুযায়ী, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর সম্পদ কমলেও তার স্ত্রী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সম্পদ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুন ও ২০২৫ সালের ৩০ জুনের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, তিশার মোট সম্পদ ২০২৪ সালের ৩০ জুন ছিল ১ কোটি ৪০ লাখ ৮১ হাজার ৮৬০ টাকা, যা এক বছরের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৯৯ লাখ ৮৯ হাজার ৫০১ টাকায়। অর্থাৎ এক বছরে তার সম্পদ বেড়েছে ১ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৪১ টাকা।

অন্যদিকে, মোস্তফা সরয়ার ফারুকীর মোট সম্পদ কমেছে। ২০২৪ সালের ৩০ জুন তার সম্পদ ছিল ২ কোটি ২৬ লাখ ৯২ হাজার ০২৬ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুনে কমে দাঁড়িয়েছে ২ কোটি ১৫ লাখ ১৮ হাজার ০২৬ টাকায়, অর্থাৎ এক বছরে তার সম্পদ কমেছে ১১ লাখ ৭৪ হাজার টাকা।

তিশা.jpg
মোস্তফা সরয়ার ফারুকী ও তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা

প্রকাশিত তালিকায় আরও দেখা গেছে, অধিকাংশ উপদেষ্টার সম্পদের পরিমাণ বেড়েছে। তবে ফারুকীর পাশাপাশি দুই উপদেষ্টার সম্পদ কমেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সম্পদ কমেছে প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা, আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সম্পদ কমেছে ১৬ লাখ ৩৫ হাজার টাকা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই হিসাব প্রকাশ করা হয়েছে অন্তর্বর্তী সরকারের কার্যকালের এক অর্থবছরের (জুলাই ২০২৪–জুন ২০২৫) জন্য। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০২৪ সালের আগস্টে জুলাই গণঅভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া এই সরকার এখনও বহাল রয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর উপদেষ্টা পরিষদ দায়িত্ব হস্তান্তর করবে।