বিনোদন
ক্ষুদে গানরাজের সেই অনন্যা আজ ফার্স্ট ক্লাস ফার্স্ট
চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়্যালিটি শো ‘ক্ষুদে গানরাজ’-এর মঞ্চ থেকে উঠে আসা কণ্ঠশিল্পী অনন্যা আচার্য্য শিক্ষাজীবনেও মেধার প্রমাণ দিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যাল থেকে শাস্ত্রীয় সংগীত বিভাগে মার্স্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার গৌরব অর্জন করেছেন।
অনন্যা আচার্য্য বলেন, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)রেজাল্ট পেয়েছি। গতরাতেও টেনশনে ঠিকমতো ঘুমাতে পারিনি। সকালে দেখলাম শাস্ত্রীয় সংগীতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি এবং সম্মিলিতভাবে ফার্স্ট ক্লাস থার্ড হয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি সবার কাছে কৃতজ্ঞ।
গানে ক্যারিয়ার ও লেখাপড়া সমানতালে চালিয়েছেন অনন্যা। তিনি বলেন, এমনও হয়েছে রাতে সারারাত শো করে এসে সকালে পরীক্ষা দিয়েছি। এক্ষেত্রে আমার ফ্যামিলির সাপোর্ট ছিল, আমার শিক্ষক, সহপাঠী প্রত্যেকেই আমাকে সাপোর্ট করেছেন। সবার সাপোর্টে আজ এখানে আমি। ইচ্ছে আছে আগামীতে এমফিল করবো, পাশাপাশি গান নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছি। ভালো ভালো গান মানুষকে উপহার দিতে চাই।
অরুণ চোধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমায় পাঁচটি গান করেছিলেন অনন্যা। এছাড়া তিনি অসংখ্য মৌলিক গান করেছেন। নিজের নতুন গান প্রসঙ্গে অনন্যা জানান, তার নতুন দুটি গান আরকে মিউজিক স্টেশন থেকে আসছে। বললেন, পাঁচজনের সম্মিলিত কণ্ঠে একটি আসছে এবং অন্যটি ডুয়েট গান করেছি। গান দুটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। কয়েকটি সিনেমার গান করা হয়েছে। যেগুলো এই মুহূর্তে বলা বারণ।
এদিকে, দুপুরে চ্যানেল আই তারকা কথনের পর অনন্যার এই সাফল্য উদযাপন করে চ্যানেল আই কর্তৃপক্ষ। কেক কেটে সেই উদযাপনে অনন্যাসহ ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজ, গীতিকার মনিরুজ্জামান মনির, প্রযোজক অনন্য রুমা প্রমুখ।
অনন্যা বলেন, সাগর স্যার, শাইখ সিরাজ স্যার, মনির স্যার, অনন্য রুমা আপু প্রত্যেকে কেক কেটে আমার এই সাফল্য উদযাপন করেন। আমি সত্যিই ভীষণ খুশী হয়েছি, আমাকে ইমোশনাল করেছে। কারণ, এই চ্যানেল আইয়ের সঙ্গে আমার সম্পর্কটা সেই ক্লাস থ্রি থেকে। তারা আমাকে তখন থেকে আপন করে রেখেছে। আমি চাইবো, আজীবন চ্যানেল আই আমাকে এভাবে আগলে রাখুক। এই সেলিব্রেশনের জন্য তাদের অনেক ধন্যবাদ।