বিনোদন

বিমানবন্দরে ১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, রহস্যজনকভাবে মুক্তির অভিযোগ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৯ পিএম

বিমানবন্দরে ১৪ বোতল অবৈধ মদসহ আটক মেহজাবীন, রহস্যজনকভাবে মুক্তির অভিযোগ
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিঃ সংগৃহিত

বিদেশ থেকে ফেরার সময় লাগেজে ১৪ বোতল অ্যালকোহল পাওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গত ১৭ আগস্ট ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস তল্লাশিতে তার লাগেজ থেকে এসব অ্যালকোহল জব্দ করা হয়।

ওই সময় তার সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং চলচ্চিত্র পরিচালক শঙ্খ দাসগুপ্ত। সংশ্লিষ্ট সূত্র জানায়, তারা বিএস-২১৮ ফ্লাইটে ব্যাংকক থেকে ঢাকায় আসেন এবং গ্রিন চ্যানেল দিয়ে বের হওয়ার সময় কাস্টমস তল্লাশিতে ১৪ বোতল মদ উদ্ধার করা হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও কাস্টমস আইন, ২০২৩ অনুযায়ী অনুমোদন ছাড়া অ্যালকোহল বহন ও আমদানি নিষিদ্ধ। বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিমানবন্দরে অ্যালকোহল বহন আইনত দণ্ডনীয়। সাধারণত এ ধরনের ঘটনায় যাত্রীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

তবে এ ঘটনায় মামলা না করে কাস্টমস কর্তৃপক্ষ জব্দ তালিকা তৈরি করে পণ্য আটক রাখে এবং পরবর্তীতে মুচলেকার ভিত্তিতে তাদের ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। নোটের রশিদ নম্বর ডিসিএইচ-ডিই-২০২৫০৮১৫২০-এ ডি শিফটের এয়ারপোর্ট রেভিনিউ অফিসার (এআরও) মো. মোতাকাব্বির আলীর স্বাক্ষর রয়েছে।

মোতাকাব্বির আলী বর্তমানে সিলেটে কর্মরত। তিনি বলেন, আটক করার পর সংশ্লিষ্ট শাখায় বিষয়টি পাঠানো হয়েছিল, পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে তিনি অবগত নন।

এ ঘটনায় দুইজন প্রটোকল কর্মকর্তার কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়। তারা লিখিতভাবে জানান, ডিরেক্টর-২ এর বার্তার ভিত্তিতে তারা প্রটোকল দিতে যান এবং আটক মালামালের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

বিষয়টি নিয়ে মন্তব্যের জন্য মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব ও শঙ্খ দাসগুপ্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। এশিয়া পোস্ট এ বিষয়ে অনুসন্ধান করছে জানতে পেরে তিনজনের কেউই সাড়া দেননি। একটি অনুষ্ঠানে সরাসরি প্রশ্ন করা হলে মেহজাবীন ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।