বিনোদন

জামিনের পর বাসায় নিয়ে বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ পিএম

জামিনের পর বাসায় নিয়ে বাদীকে মারধরের অভিযোগ নোবেলের বিরুদ্ধে
মাইনুল আহসান নোবেল। ছবি: সংগৃহীত

প্রতারণা ও হেনস্তার মামলায় গ্রেপ্তারের পরদিন জামিন পাওয়ার পরই বাদীকে মারধরের অভিযোগ উঠেছে ‘সা রে গা মা পা’ খ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল-এর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে এ অভিযোগ করেন মামলার বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা।

অনন্যার দাবি, মঙ্গলবার জামিন পাওয়ার পর নোবেল তাকে বাসায় নিয়ে গিয়ে মারধর করেন। কেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে—এই কারণ দেখিয়ে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, “হাত-পা ধরে কান্নাকাটি করে জামিন নিয়েছে। এরপর বাসায় নিয়ে আবার মারধর করেছে।” সাংবাদিকদের সামনে তিনি হাতে কাঁটা দাগ দেখান।

অনন্যার মা বিবি কুলসুমও একই অভিযোগ তুলে বলেন, জামিন পাওয়ার পর নোবেলের আচরণ বদলে যায় এবং পুনরায় মারধর করা হয়।

অনন্যার মায়ের দাবি, তিন বছর আগে তার মেয়ের সঙ্গে নোবেলের বিয়ে হয়েছে, যদিও তখন মেয়েটি অপ্রাপ্তবয়স্ক ছিল। আদালতেও নোবেল বিয়ের বিষয়টি উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি।

তারা আরও অভিযোগ করেন, নোবেল তাদের হুমকি দিয়েছেন। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জামিন বাতিলের আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট নোবেল, তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, মাসুদ রানা ও মুনেম শাহ সৌমিকের বিরুদ্ধে মামলা করেন অনন্যা। মামলায় অভিযোগ করা হয়, প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে গত বছরের জুন পর্যন্ত বিভিন্ন সময়ে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়েছে এবং তাকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করা হয়েছে।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত ৭ জানুয়ারি তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করা হয়। ২ ফেব্রুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে নোবেলকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হলে, আদালতে আপসের আলোচনা হয়।

বিচারকের জিজ্ঞাসায় উভয় পক্ষ আপসের কথা স্বীকার করেন। এরপর নোবেলের আইনজীবী জামিন আবেদন করলে আদালত এক হাজার টাকা মুচলেকায় ২ এপ্রিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

তবে বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, বিয়ের শর্তে আপসের ভিত্তিতে জামিনে বাধা দেওয়া হয়নি। কিন্তু পরবর্তীতে মারধরের অভিযোগ ওঠায় এখন জামিন বাতিলের আবেদন করা হবে।