বিনোদন
প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার রূপে ঈদে আসছেন শাকিব খান
ঈদকে সামনে রেখে প্রকাশ করা হয়েছে ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার টিজার।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে প্রায় দেড় মিনিটের টিজারটি প্রকাশ করা হয়। এতে গ্যাংস্টার অবতারে তুমুল অ্যাকশন দৃশ্যে দেখা যায় শাকিব খানকে।
টিজারে তাকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে। একটিতে লম্বা চুল, চোখে সানগ্লাস ও হাতে মিনিগান নিয়ে শত্রুদের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপে হাজির হয়েছেন তিনি। অন্য লুকে তুলনামূলক ছোট চুলে দেখা যায় তাকে।
ঢাকার আন্ডারওয়ার্ল্ডকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন নির্মাতা আবু হায়াত মাহমুদ। টিজারের দৃশ্যপটে অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের পরিবেশ ফুটিয়ে তুলতে ডার্ক টোন ও নিওন আলোর ব্যবহার করা হয়েছে।
টিজারের ব্যাকগ্রাউন্ডে শাকিব খানের কণ্ঠে শোনা যায় সংলাপ—ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, আর কিছু থাকে নেকড়ে। শত্রুদের উদ্দেশে তার হুঁশিয়ারি—‘আমার শত্রুর সঙ্গে যে ধান্দা করবে, তার জন্য বুলেটের বৃষ্টি।’
টিজারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে দেখা গেছে। এছাড়া শাকিব খানের দুই নায়িকা তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুর ঝলকও রয়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, লোকনাথ দে, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ও শরীফ সিরাজসহ অনেকে। সিনেমাটির শুটিং হয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতে।