বিনোদন

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসার করতে প্রয়োজনে ছাড়বেন অভিনয় 


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

বাগদান সেরেছেন পূজা চেরি, সংসার করতে প্রয়োজনে ছাড়বেন অভিনয় 
ছবিঃ সংগৃহিত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পূজা চেরি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন ও জল্পনার অবসান ঘটালেন।

প্রথমবারের মতো খোলাখুলি জানালেন তিনি আর একা নন, সেরে ফেলেছেন বাগদান। এমনকি ভবিষ্যতের সংসার টিকিয়ে রাখতে প্রয়োজনে অভিনয়ও ছেড়ে দিতে প্রস্তুত বলে জানান এই অভিনেত্রী।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন পূজা। তিনি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বলছি। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি। নিজের হবু জীবনসঙ্গী সম্পর্কে পূজা জানান, তিনি মিডিয়ার কেউ নন। অভিনেত্রীর ভাষায়, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।

ব্যক্তিজীবনে সংসারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান পূজা। তিনি বলেন, আমি একটি সাংসারিক মেয়ে হতে চাই। আমার জীবনে ‘ডিভোর্স’ শব্দটা আসুক এটা আমি চাই না। সংসার ঠিক রাখতে হলে প্রয়োজনে মিডিয়াও ছেড়ে দিতে পারি।

পূজার ভাষায়, অভিনয় আমার শখ এবং ভালোবাসা। এখানে আমার ও আমার মায়ের অনেক সংগ্রাম আছে। কিন্তু সংসার বাঁচানোর জন্য প্রয়োজনে এটাও ছাড়তে পারি।

বিয়ের পরিকল্পনা নিয়ে পূজা জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন এবং সেটি গোপন রাখবেন না। তার হবু স্বামী তাকে সবসময় সমর্থন দেন বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ক্যারিয়ারের প্রায় আট বছর পার করছেন পূজা চেরি। ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘দম’। এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন পূজা। সিনেমাটির প্রচারণার মাঝেই ব্যক্তিগত জীবনের এই স্বীকারোক্তি ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।