বিনোদন
অস্কারের মঞ্চে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিলেন স্প্যানিশ অভিনেতা
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) মঞ্চে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম। অনুষ্ঠানে তার পাশে ছিলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
রোববার (১৫ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত অস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার দেওয়ার সময় বারদেম ‘যুদ্ধ নয়’ লেখা পিনযুক্ত পোশাক পরে মঞ্চে ওঠেন। পুরস্কার ঘোষণার আগে তিনি বলেন, “সে নো টু ওয়ার অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন,” অর্থাৎ যুদ্ধকে না বলুন এবং ফিলিস্তিনকে মুক্ত করুন।
তার এই বক্তব্যের পর উপস্থিত অতিথিরা করতালি দিয়ে তাকে সমর্থন জানান। পরে নরওয়ের চলচ্চিত্র ‘সেন্টিমেন্টাল ভ্যালু’কে এই বিভাগে বিজয়ী ঘোষণা করা হয়।
উৎসবের আগে রেড কার্পেটে দাঁড়িয়ে বারদেম যুদ্ধবিরোধী অবস্থান ও ফিলিস্তিন সমর্থনে বিশেষ পোশাকে ছবি তোলেন।
অনুষ্ঠানের সঞ্চালক কোনান ও’ব্রায়েন উদ্বোধনী বক্তব্যে বলেন, সিনেমা শুধু বিনোদন নয়, এটি বিশ্বজুড়ে শৈল্পিক ঐক্য ও আশাবাদের প্রতীক। এবারের আসরে ৩১টি দেশের চলচ্চিত্র প্রতিনিধিত্ব করেছে।