বিনোদন

পরকীয়ায় সংসার ভাঙল মৌসুমী হামিদের


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৫:৫১ পিএম

পরকীয়ায় সংসার ভাঙল মৌসুমী হামিদের
লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা ও অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি: সংগৃহীত

ছোটপর্দার পরিচিত মুখ মৌসুমী হামিদ-এর দাম্পত্য জীবনে ভাঙনের খবর সামনে এসেছে। প্রায় দুই বছর আগে লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা-এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই সম্পর্ক আর টেকেনি।

ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর থেকে একসঙ্গে থাকছেন না এই দম্পতি। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মৌসুমী হামিদ সরাসরি কিছু না বললেও বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন।

শোবিজ অঙ্গনে কয়েক মাস ধরেই রানার ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল। বিশেষ করে নুসরাত তুবা নামে এক তরুণীর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এসব বিষয়কে কেন্দ্র করেই দাম্পত্য সম্পর্কে টানাপড়েন তৈরি হয় বলে জানা গেছে।

বিয়ে.jpg

পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় একপর্যায়ে সম্পর্কের অবসান ঘটে। জানা গেছে, রানার পক্ষ থেকেই বিচ্ছেদের উদ্যোগ নেওয়া হয় এবং মৌসুমীর কাছে ডিভোর্স নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মৌসুমী হামিদ বলেন, “আপনারা যা শুনেছেন, ঠিকই শুনেছেন। তবে এ মুহূর্তে বিস্তারিত কিছু বলার অবস্থায় নেই।”

উল্লেখ্য, ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিক আয়োজনে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়, যেখানে শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন।