বিনোদন
শ্রবণশক্তি হারিয়ে গান থেকে দূরে কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক
জনপ্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে গান থেকে দূরে রয়েছেন। প্রায় চার দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পীর গানের যাত্রা ২০২৪ সালে হঠাৎ থেমে যায়।
সে সময় তিনি জানান, একটি বিরল সংক্রমণের কারণে স্নায়বিক সমস্যায় আক্রান্ত হয়ে তার শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিনি গান গাওয়া বন্ধ রাখতে বাধ্য হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। এখনো নিয়মিতভাবে গান গাওয়ার মতো অবস্থায় ফিরতে পারেননি তিনি।
গায়িকা বলেন, এখনো সুরকার ও গীতিকাররা তাকে গান গাওয়ার প্রস্তাব দেন, কিন্তু বর্তমান অবস্থার কারণে সেই আহ্বানে সাড়া দিতে পারছেন না।
২০২৪ সালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, বিমান থেকে নামার পর হঠাৎ করেই তিনি অনুভব করেন যে কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসজনিত একটি বিরল স্নায়ুর সমস্যার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই খবর প্রকাশ্যে আসার পর তার ভক্তরা ভেঙে পড়েন। তবে কঠিন এই পরিস্থিতিতেও তিনি সচেতনতার বার্তা দিয়েছেন।
বিশেষ করে তরুণদের উদ্দেশে তিনি বলেছেন, অতিরিক্ত উচ্চ শব্দ থেকে দূরে থাকতে এবং দীর্ঘ সময় হেডফোন ব্যবহার না করতে।
সম্প্রতি তার জন্মদিনে গায়ক উদিত নারায়ণ তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।