বিনোদন
জামিন বাতিল করে গায়ক নোবেলকে কারাগারে পাঠানোর নির্দেশ
গায়ক মাইনুল আহসান নোবেল-এর বিরুদ্ধে প্রতারণার মামলায় জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। আদালতে হাজিরা দিতে আসা নোবেলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি পূর্বে জামিনে মুক্ত থাকার সময় আপসের শর্ত ভঙ্গ করেছেন। এ প্রেক্ষিতে বাদীপক্ষ জামিন বাতিলের আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার আইনজীবী নাসিদুস জামান জানান, শর্ত লঙ্ঘনের কারণে আদালত নোবেলের জামিন নামঞ্জুর করেন।
এর আগে একই মামলায় গত ২ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২৪ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে আপসের শর্তে জামিন পান।
মামলাটি দায়ের করা হয় গত বছরের ১৩ আগস্ট। অভিযোগে বলা হয়, আনাননিয়া শবনম রোজ নামের এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করেন নোবেল।
আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্ত শেষে চলতি বছরের ৭ জানুয়ারি প্রতিবেদন জমা দিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।
এই মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক এবং পরিচিত মাসুদ রানার নাম উল্লেখ করা হয়েছে।