বিনোদন
শাকিব খানের আচরণ নিয়ে মুখ খুললেন জ্যোতির্ময়ী
ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিন্স সিনেমা ঘিরে সমালোচনার মাঝেই নতুন বিতর্কে জড়িয়েছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। প্রিমিয়ার অনুষ্ঠানে সহ-অভিনেত্রীদের সঙ্গে তার আচরণ নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
অনুষ্ঠানে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুন্ডু। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রিমিয়ারের সময় শাকিবের পাশে দাঁড়িয়ে থাকা জ্যোতির্ময়ীর প্রতি তার আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। ভিডিওতে একাধিকবার তাকে জ্যোতির্ময়ীর কোমরে হাত দিতে দেখা যায়, যা নিয়ে অস্বস্তির ইঙ্গিত পাওয়া গেছে বলে দাবি করছেন অনেকে।
একই অনুষ্ঠানে অভিনেত্রী তাসনিয়া ফারিণের হাত ও বাহু চেপে ধরার মতো ঘটনাও ক্যামেরায় ধরা পড়ে। এক পর্যায়ে তাসনিয়াকে নিজের কাঁধ থেকে শাকিবের হাত নামিয়ে দিতে দেখা যায়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হলে জ্যোতির্ময়ী কুন্ডু সংক্ষিপ্তভাবে বলেন, তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
উল্লেখ্য, সিনেমাটির ব্যবসায়িক সাফল্য নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। তবে সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে শাকিব খানের ব্যক্তিগত আচরণ।