বিনোদন

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০১:৩৯ পিএম

কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আশা ভোঁসলে। ছবি: সংগৃহীত

ভারতীয় সংগীতজগতের প্রখ্যাত কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ছেলে আনন্দ ভোঁসলে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি, হিন্দুস্তান টাইমস এবং আনন্দবাজার পত্রিকা-এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন এই শিল্পী। পরে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় রবিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানানো হয়েছে।

১৯৩৩ সালে জন্ম নেওয়া আশা ভোঁসলে ভারতীয় সংগীতে এক উজ্জ্বল নাম হিসেবে পরিচিত। দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, বাংলা সহ একাধিক ভাষায় হাজারো গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, আধুনিক গান, গজল এমনকি ক্যাবারে গানেও তার স্বতন্ত্র কণ্ঠশৈলী শ্রোতাদের মুগ্ধ করেছে।

তার অসংখ্য গান সময় পেরিয়ে আজও জনপ্রিয় এবং বিভিন্ন প্রজন্মের কাছে সমানভাবে সমাদৃত।

হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অসুস্থতার খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে উদ্বেগ প্রকাশ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।