বিনোদন
মরণোত্তর সম্মাননা পুরস্কার পেলেন হুমায়ূন ফরীদি
কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসরে এই সম্মাননা প্রদান করা হয়।
বাংলা থিয়েটারের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে। এ সময় চলচ্চিত্রে অবদানের জন্য মোট ১৮টি বিভাগে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নকালেই নাট্যচর্চা শুরু করেন হুমায়ূন ফরীদি। পরবর্তীতে তিনি দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গনে অনন্য অবস্থান তৈরি করেন। নিজ ক্যাম্পাসে তার এই সম্মাননা প্রদানের মুহূর্তে শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশ তৈরি হয়।
অনুষ্ঠানে আরও কয়েকজন বিশিষ্ট শিল্পী ও অভিনয়শিল্পীকেও সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন নাহার পুতুল এবং অবন্তী সিঁথি। উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা পেয়েছেন মেহরাব সিফার।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে ‘সাঁতাও’, ‘জ্বীনের বাচ্চা’ এবং ‘কাজলরেখা’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সম্মাননা পেয়েছে ‘সং ফ্রম দ্য সাউথ’, ‘দ্য ইটারনাল জার্নি’ এবং ‘দ্য ব্যালাড অব আ গিক’।
আয়োজকরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহ দিতে এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।