বিনোদন

ত্যাগী নারীদের মূল্যায়ন করার জন্য বিএনপিকে ‘লাল সালাম’: ন্যান্সি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৪ পিএম

ত্যাগী নারীদের মূল্যায়ন করার জন্য বিএনপিকে ‘লাল সালাম’: ন্যান্সি
নাজমুন মুনিরা ন্যান্সি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন নিয়ে আলোচনায় ছিল শোবিজ অঙ্গনের একাধিক পরিচিত মুখ। তবে শেষ পর্যন্ত কোনো তারকাই দলীয় মনোনয়ন পাননি, ফলে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

গত ২০ এপ্রিল প্রকাশিত তালিকা অনুযায়ী, সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন, দিলরুবা খান, দিঠি আনোয়ারসহ একাধিক পরিচিত তারকার নাম থাকলেও চূড়ান্ত মনোনয়নে তাদের কেউই স্থান পাননি।

এরই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ত্যাগী ও যোগ্য নারীদের মূল্যায়নের জন্য বিএনপিকে ‘লাল সালাম’ জানান।

তিনি লেখেন, গায়িকা, নায়িকা, অভিনেত্রী বা মডেলদের শো-পিস না বানিয়ে ত্যাগী ও রাজনৈতিকভাবে অভিজ্ঞ নারীদের মূল্যায়ন করায় দলটির প্রতি তার এই শ্রদ্ধা।

ন্যান্সির এই মন্তব্যকে ঘিরে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন এবং তাকে সমর্থন জানিয়েছেন।

উল্লেখ্য, ১০ এপ্রিল থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। তিন দিনে প্রায় এক হাজার ৩০০ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন, যাদের মধ্যে ছিলেন একাধিক শোবিজ তারকা। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় তাদের কেউই জায়গা পাননি।