বিনোদন

বিদেশ গিয়ে কেন ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ করতে হয়?


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:০৯ এএম

বিদেশ গিয়ে কেন ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ করতে হয়?
সিনেমার একটি দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌসুমী। ছবি: সংগৃহীত

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জীবনসংগ্রাম ও জটিল বাস্তবতা তুলে ধরে নির্মিত হয়েছে নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। প্রবাসে টিকে থাকার লড়াইয়ের এক ভিন্ন দিক—বিশেষ করে কন্ট্র্যাক্ট ম্যারেজের মতো সংবেদনশীল বিষয়—এই চলচ্চিত্রে ফুটে উঠেছে।

সিনেমাটির গল্পে দেখা যাবে, দেশে স্বামী রেখে বিদেশে গিয়ে এক নারী কীভাবে পরিস্থিতির চাপে দ্বিতীয় বিয়েতে জড়ান। এর মাধ্যমে নির্মাতারা সামাজিক সচেতনতার একটি বার্তা দিতে চেয়েছেন।

পরিচালক হাসান জাহাঙ্গীর জানান, বাস্তব অভিজ্ঞতা থেকেই গল্পের উপাদান নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, প্রতি বছর বহু মানুষ জীবিকার তাগিদে বিদেশে পাড়ি জমান এবং সেখানে নিজেদের টিকিয়ে রাখতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হন। সেই সংগ্রামের গল্পই সিনেমার মূল উপজীব্য।

চলচ্চিত্রটির প্রায় ৮০ শতাংশ দৃশ্য যুক্তরাষ্ট্রে ধারণ করা হয়েছে, বাকি কাজ সম্পন্ন হয়েছে দেশে। ইতোমধ্যে এটি সেন্সর সনদ পেয়েছে এবং আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশেও মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে।

কিন্ট্রাক্ট ম্যারেজ.jpg

প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’-এর পর প্রায় দুই বছর বিরতিতে নতুন এই সিনেমা দর্শকদের সামনে আসছে।

উল্লেখ্য, ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ শুরুর দিকে ওয়েব সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও পরবর্তীতে এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন ডন ও নির্মাতা নিজে হাসান জাহাঙ্গীরসহ অনেকে।

এছাড়া নির্মাতা জানিয়েছেন, সিনেমাটির টেলিভিশন স্বত্ব ইতোমধ্যে বিক্রি করা হয়েছে এবং আসন্ন ঈদে এটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে।