বিনোদন
৫০ জন কারিগরের ১২০০ ঘণ্টার পরিশ্রমে তৈরি ইশা আম্বানির মেট গালা লুক
নিউইয়র্কে অনুষ্ঠিত বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্যাশন ইভেন্ট মেট গালা-তে এবারও নজর কাড়লেন ভারতের ব্যবসায়ী ইশা আম্বানি।
সোমবার (৪ মে) মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট-এর লাল গালিচায় তার উপস্থিতি ঘিরে তৈরি হয় ব্যাপক আলোচনা।
এই বিশেষ পোশাকটি তৈরি করতে প্রায় ১,২০০ ঘণ্টারও বেশি সময় লাগে এবং এতে কাজ করেছেন প্রায় ৫০ জন কারিগর। ডিজাইন করেছেন গৌরব গুপ্তা, যেখানে ঐতিহ্য ও আধুনিক ফ্যাশনের মিশ্রণ তুলে ধরা হয়েছে।
ইশা আম্বানি পরেন সোনার সুতা দিয়ে তৈরি একটি শাড়ি, যার নকশায় প্রাচীন ভারতীয় ফ্রেস্কো ও পিচওয়াই চিত্রকলার প্রভাব দেখা যায়। শাড়িটিতে জারদৌজি, আরি ও রিলিফ এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ রয়েছে, যা পুরো পোশাককে বিশেষভাবে সমৃদ্ধ করেছে।
তার ব্লাউজে যুক্ত ছিল হীরার কারুকাজ, যেখানে ব্যবহার করা হয়েছে নীতা আম্বানির ব্যক্তিগত সংগ্রহের পুরোনো কাট হীরাও। গলায় ছিল ভারী ডাবল-লেয়ার ডায়মন্ড নেকলেস, সঙ্গে মানানসই হাতফুল ও হীরার কোমরবন্ধ।

অ্যাক্সেসরিজেও ছিল বিশেষত্ব। তিনি একটি অনন্য ক্রোশে ব্যাগ বহন করেন, যাতে ভারতের কারুশিল্পের প্রতীক হিসেবে আমের ভাস্কর্য যুক্ত ছিল। পাশাপাশি তার চুলের সাজেও ছিল শিল্পসম্মত ভাস্কর্য, যা কাগজ, তামা ও পিতল দিয়ে তৈরি করা হয়।
সব মিলিয়ে এবারের মেট গালায় ইশা আম্বানির উপস্থিতি ফ্যাশন, শিল্প ও ঐতিহ্যের এক ব্যতিক্রমী সমন্বয় হিসেবে আলোচনায় আসে।