বিনোদন
জেমস-জায়েদ খানের উপস্থিতিতে পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের বর্ণিল সাংস্কৃতিক উৎসব
পর্তুগালের রাজধানী লিসবনে কাজা দো বাংলাদেশ ও নোটিশিয়াস বাংলার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশিদের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। এতে সংগীতশিল্পী নগর বাউল জেমসের গান এবং চিত্রনায়ক জায়েদ খানের উপস্থিতি অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে।
রবিবার (২৬ জুলাই) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশিদের এই সাংস্কৃতিক আয়োজন। কাজা দো বাংলাদেশ ও নোটিশিয়াস বাংলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন রনি হোসাইন।
প্রায় সাত ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে বাংলা গান, সংস্কৃতি ও বিনোদনের এই আয়োজন প্রবাসীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নগর বাউল জেমস। তিনি তার কালজয়ী ও জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। এছাড়া চিত্রনায়ক জায়েদ খানের উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
দুই তারকার অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উচ্ছ্বাসে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি ও প্রবাসীদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করতেই এ ধরনের আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।