বিনোদন

বর্ষার গান নিয়ে আহসান ইমামের ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১২:২৯ পিএম

বর্ষার গান নিয়ে আহসান ইমামের ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও প্রকাশ
ছবিঃ ঢাকা প্রকাশ

শ্রাবণের ১৬ তারিখ বিকেলে রাজধানীর ‘অ্যাট দ্য টেবিল’-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের বর্ষার গানগুলো। একই অনুষ্ঠানে প্রকাশ করা হয় অ্যালবামের প্রথম মিউজিক ভিডিও ‘ভিজিয়ে দিয়ো না’। এছাড়া অ্যালবামের আরও দুটি মিউজিক ভিডিওর প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

অ্যালবামের সব গানের কথা লিখেছেন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও চলচ্চিত্র নির্মাতা আহসান ইমাম। অ্যালবামে বর্ষার পাশাপাশি দেশের প্রতি ভালোবাসার একটি গানও স্থান পেয়েছে।

8906a239-744b-4fb4-978c-41d70c179d74.jpg
ছবিঃ ঢাকা প্রকাশ

গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনা, ঝিলিক, শান সায়েক ও পিন্টু ঘোষ। সঙ্গীত পরিচালনা ও কম্পোজিশনে ছিলেন শান সায়েক।

অ্যালবাম প্রসঙ্গে আহসান ইমাম বলেন, “অপরূপ বর্ষা, বাংলাদেশ, মানুষের আবেগ, মান-অভিমান, স্মৃতি ও প্রকৃতিকে কথা, সুর এবং চিত্রায়ণের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের বর্ষা ও প্রকৃতি যেন এক চিত্রশিল্পীর ক্যানভাস। ‘বাদলা স্মৃতি’ অ্যালবামের গান ও দৃশ্যায়নে সেই সৌন্দর্যই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।”

অ্যালবামটি প্রযোজনা করেছে মিউজিকআর্ট স্টেশন এবং আলিফিয়া ডান্স অ্যাটেইলার। মিউজিক ভিডিওগুলোতে মডেল হিসেবে অভিনয় করেছেন ইমতু রাতিশ, নওরিন ও জলি।

b22a7710-7c69-496c-af10-70be8c450fb0.jpg
ছবিঃ ঢাকা প্রকাশ

ভিডিওগুলোর শুটিং হয়েছে সাভারের বিভিন্ন লোকেশনে। নির্মাতার ভাষ্য, বর্ষার আবহকে বাস্তবভাবে তুলে ধরতে বৃষ্টির দিনগুলোতে আলাদাভাবে দৃশ্যধারণের কাজ সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, নির্মাতা আহসান ইমাম এর আগে ‘কম্পেনডিয়াম’, ‘জার্নি’, ‘স্পেশাল আই’, ‘অ্যাওয়ারনেস’, ‘মিশন কাশ্মির’ এবং ‘দ্য ট্রি’-সহ একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার নির্মিত চলচ্চিত্র ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্বও পালন করে আসছেন।