বিনোদন
ক্যানসার থেকে বাঁচতে ‘সূরা আর রহমান’ বড় ভূমিকা রেখেছে: নওমান ইজাজ
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কঠিন সময়ে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত ও প্রার্থনা তাকে মানসিক ও আধ্যাত্মিক শক্তি জুগিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা নওমান ইজাজ। সম্প্রতি এক আলাপচারিতা অনুষ্ঠানে নিজের ক্যানসারে আক্রান্ত হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
নওমান ইজাজ জানান, ২০২৪ সালের জুনে তার লিম্ফোমা ও একটি টিউমার শনাক্ত হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে একটি টিউমার অপসারণ করা হয়। এরপর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার কেমোথেরাপি নেওয়ার প্রস্তুতি চলছিল।
সেই সময়ের স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, রোগ শনাক্ত হওয়ার দিন তার বন্ধু গোহর বাট তাকে নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াতের পরামর্শ দিয়েছিলেন। পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত সূরাটি তিলাওয়াত শুরু করেন।
নওমান ইজাজের ভাষ্য, এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে আর কোনো টিউমারের অস্তিত্ব খুঁজে পাননি। তিনি বলেন, ছোট একটি অস্ত্রোপচারের পর কেমোথেরাপি শুরু করার ঠিক আগেই চিকিৎসকরা তাকে জানান, অন্য টিউমারটি আর দেখা যাচ্ছে না।
পাকিস্তানি এই অভিনেতার বিশ্বাস, তার সুস্থতার পেছনে সূরা আর-রহমান তিলাওয়াত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ক্যানসারের যন্ত্রণাদায়ক চিকিৎসাপ্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়েই সুস্থ হয়ে ওঠাকে তিনি সৃষ্টিকর্তার রহমত ও প্রার্থনার ফল হিসেবে দেখছেন।
এই পুরো অভিজ্ঞতাকে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও পরিবর্তনকারী অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন নওমান ইজাজ। তিনি জানান, ওই ঘটনার পর থেকে প্রতিদিন নিয়মিত সূরা আর-রহমান তিলাওয়াত করে আসছেন।
নওমান ইজাজ পাকিস্তানের অন্যতম জনপ্রিয় ও প্রবীণ টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।
তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘পারিজাদ’, ‘সাং-ই-মাহ’, ‘ক্যায়সি তেরি খুদগার্জি’, ‘মায়ি রি’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘রকিব সে’। চলচ্চিত্রের মধ্যে ‘রামচাঁদ পাকিস্তানি’ ও ‘ভিরসা’ উল্লেখযোগ্য।