বিনোদন
সেলেনা গোমেজ ও বিলি আইলিশকে ছাড়িয়ে শীর্ষে বিটিএস তারকা ভি
কে-পপ সেনসেশন ভি এবার ইনস্টাগ্রামে গড়েছেন নজিরবিহীন এক রেকর্ড। এখনো গানে পুরোপুরি সক্রিয় না হয়েও, মার্কিন তারকা সেলেনা গোমেজ ও বিলি আইলিশকে পেছনে ফেলে হয়েছেন ইনস্টাগ্রামের সবচেয়ে প্রভাবশালী সংগীতশিল্পী।
ভারতের বিনোদনভিত্তিক পোর্টাল পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ইনফ্লুয়েন্সার পর্যবেক্ষণকারী সংস্থা হাইপঅডিটর (Hypauditor) জানিয়েছে—২০২৫ সালের ইনস্টাগ্রামে শীর্ষ সংগীত ইনফ্লুয়েন্সার এখন বিটিএস-এর ভি। বিশেষ বিষয় হলো, এই তালিকায় তিনিই একমাত্র এশীয় তারকা, যিনি শীর্ষে আছেন।
এই র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন সেলেনা গোমেজ, তৃতীয় স্থানে বিলি আইলিশ। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে বিটিএস-এর আরেক সদস্য জিমিন ও ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা।
এছাড়া ক্রীড়াঙ্গনের তারকাদের সঙ্গেও প্রতিযোগিতা করে ভি উঠে এসেছেন ইনস্টাগ্রামের সামগ্রিক ইনফ্লুয়েন্সার তালিকায় তৃতীয় স্থানে। তাঁর আগে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি।
এই তালিকা দেখে অনেকে ভাবতে পারেন, ফলোয়ার সংখ্যার ভিত্তিতে এটি তৈরি। আসলে নয়। এই তালিকা নির্ধারিত হয় মূলত কতজন অনুসারী তারকাদের পোস্টে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া দেখান, তার ওপর।
যেখানে ভি’র ফলোয়ার সংখ্যা ৬৮.২ মিলিয়ন, সেখানে সেলেনার ৪১৮ মিলিয়ন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটের চেয়েও কম তাঁর ফলোয়ার। তবুও ‘এনগেজমেন্ট রেট’-এ তিনি অনেক এগিয়ে।
হাইপঅডিটরের হিসাব অনুযায়ী, ৪ জুলাই পর্যন্ত ইনস্টাগ্রামে ভি’র অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ৬ কোটি ৮০ লাখ, যার মধ্যে ১ কোটি ২৪ লাখ যুক্তরাষ্ট্র থেকেই—যা কোনো কে-পপ তারকার জন্য সর্বোচ্চ।
সামরিক দায়িত্ব শেষ করে মাত্র ২৫ দিনের মধ্যেই তিনি পেয়েছেন ১২ লাখ ২০ হাজার নতুন ফলোয়ার। এটি কে-পপ ইতিহাসে সবচেয়ে দ্রুত ফলোয়ার বৃদ্ধির রেকর্ড। গত ৬০ দিনে ভি’র ইনস্টাগ্রাম পোস্টের এনগেজমেন্ট রেট ছিল ২০.৬ শতাংশ—বিশ্বের যেকোনো সেলিব্রিটির মধ্যে সর্বোচ্চ।
‘Love Wins All’ গানের এই গায়ক এখন যুক্তরাজ্যে সবচেয়ে প্রভাবশালী ইনস্টাগ্রাম তারকা। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলেও আছেন শীর্ষ তিনে। এক এশীয় তারকার এমন অর্জন কে-পপ দুনিয়ার জন্যও গর্বের।