বিনোদন
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে জেমসের কনসার্ট
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা কাঁদিয়েছে গোটা দেশকে। সেই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থী এবং আহতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন দেশের জনপ্রিয় রক তারকা নগর বাউল জেমস।
যুক্তরাষ্ট্র সফররত জেমস বর্তমানে অংশ নিচ্ছেন একাধিক কনসার্টে। এরই ধারাবাহিকতায় আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক একটি বিশেষ শো।
এই কনসার্টের আয়োজক রিভারাইন এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ওই অনুষ্ঠানের টিকিট বিক্রির একটি অংশ সরাসরি দেওয়া হবে মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায়।

এক ফেসবুক পোস্টে আয়োজকরা বলেন, “ঢাকার সেই মর্মান্তিক ঘটনায় আমাদের হৃদয় বিদীর্ণ। এই দুঃখের সময়ে আমরা চুপ থাকতে পারিনি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকতে চাই—সংগীতের হাত ধরে।”
এদিকে জেমসের ব্যান্ড ‘নগর বাউল’-এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় জেমস জানান, “এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। সেই অমূল্য শিক্ষার্থীদের প্রাণহানিতে আমরা বাকরুদ্ধ। যারা আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি রইল আমাদের গভীর সহানুভূতি ও প্রার্থনা।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সব উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন।”