বিনোদন

'৩৬ জুলাই' উদযাপনে আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ১১:১০ এএম

'৩৬ জুলাই' উদযাপনে আজ মানিক মিয়া অ্যাভিনিউয়ে মঞ্চ মাতাবেন যারা
ছবি কোলাজ: ঢাকাপ্রকাশ

আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তিতে ‘৩৬ জুলাই’ উদ্‌যাপন উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনভর আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গানের পরিবেশনা, আলোচনা, ড্রোন শো ও নাট্যাভিনয়সহ থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়, সহযোগিতায় রয়েছে জাতীয় সংসদ সচিবালয়। পুরো আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১১টা ২০ মিনিটে ইসলামী সংগীত দল সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এরপর ১১টা ৪০ মিনিটে গান পরিবেশন করবে কলরব। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য রাখবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় গাইবেন তাশফি।

জোহরের নামাজের বিরতির পর মঞ্চে উঠবে চিটাগাং হিপহপ হুড, শিল্পী সেজান এবং ব্যান্ড শূন্য। এরপর দুপুর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ স্মরণে বিশেষ আয়োজন রাখা হয়েছে।

দুপুর ২টা ৪০ মিনিট থেকে আবার শুরু হবে মূল কনসার্ট। গান পরিবেশন করবেন সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ। বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির পরিবেশনা এবং সাড়ে ৩টায় সোলস ব্যান্ডের গান থাকবে। এরপর ৪টায় গাইবে ওয়ারফেজ।

আসরের নামাজের বিরতির পর বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে জাতির উদ্দেশে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এরপর সন্ধ্যা নাগাদ মঞ্চ মাতাবেন বেসিক গিটার লার্নিং স্কুল, ব্যান্ড এফ মাইনর, গায়িকা পারশা ও এলিটা করিম। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে আলোচিত ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’। এরপর আকাশে প্রদর্শিত হবে বিশেষ ড্রোন শো।

রাতের আয়োজনের শেষভাগে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।

বিকেল থেকে অনুষ্ঠানস্থলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠান উপভোগে আগ্রহী দর্শনার্থীদের আগেই আসার অনুরোধ জানানো হয়েছে।