বিনোদন

এক বছরের বিরতির পর আবারও শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৪:৩১ পিএম

এক বছরের বিরতির পর আবারও শুরু হচ্ছে কোক স্টুডিও বাংলা
ছবি: সংগৃহীত

দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে থমকে থাকা কোক স্টুডিও বাংলা অবশেষে আবারও শ্রোতাদের সামনে ফিরছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কোক স্টুডিও বাংলা আবারও শুরু করতে যাচ্ছে তাদের বহুল আলোচিত তৃতীয় সিজনের বাকি যাত্রা। আর এই প্রত্যাবর্তনের শুরুটা হবে ‘বাজি’ শিরোনামের নতুন গান দিয়ে।

সর্বশেষ ২০২৪ সালের ২৫ মে প্রকাশ পেয়েছিল তৃতীয় সিজনের তৃতীয় গান ‘অবাক ভালোবাসা’। এরপর থেকেই কার্যত বন্ধ হয়ে যায় কোক স্টুডিওর সব আয়োজন, যা নিয়ে শ্রোতাদের মনে তৈরি হয় হতাশা ও প্রশ্ন— "আবার কবে আসবে নতুন গান?"

coke studio1_Dhakaprokash.jpg

তৃতীয় সিজনের জন্য ১১টি গানের প্রতিশ্রুতি থাকলেও মাত্র তিনটি গান প্রকাশের পর হঠাৎ বন্ধ হয়ে যায় কোক স্টুডিও বাংলা। এর পেছনে অন্যতম কারণ ছিল একটি বিজ্ঞাপন ঘিরে উদ্ভূত বিতর্ক। ঈদুল আজহার আগে কোকা-কোলার একটি বিজ্ঞাপন এবং এর প্রেক্ষাপটে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বর্জন আন্দোলনের কারণে তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সেই সময় বিজ্ঞাপন সংশ্লিষ্ট শিল্পী ও নির্মাতাদের পাশাপাশি কোক স্টুডিও বাংলাও সমালোচনার কেন্দ্রে চলে আসে। ফলাফল—অনির্দিষ্ট বিরতি।

দীর্ঘ নীরবতা ভেঙে কোক স্টুডিও বাংলার ফিরিয়ে আনার ইঙ্গিত দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব। গতকাল বুধবার সামাজিক মাধ্যমে তিনি একটি রহস্যময় পোস্ট করেন- "যদি থাকেন রাজি? ধরবেন নাকি ‘বাজি’? কোক স্টুডিও বাংলার পরের গান আসবে কবে—পরশু, তরশু নাকি আজি?"

এই পোস্টের পরপরই সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্পষ্ট হয় ‘বাজি’ শিরোনামের একটি নতুন গান দিয়েই আবারও পথচলা শুরু করতে যাচ্ছে কোক স্টুডিও বাংলা।

প্রথম দুই সিজনের সাফল্যে শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেওয়া কোক স্টুডিও বাংলার এই প্রত্যাবর্তন ঘিরে এবারও ভরপুর প্রত্যাশা। গান, সংস্কৃতি ও শিল্পের সম্মিলনে তৈরি হওয়া এই প্ল্যাটফর্ম কতটা শক্তভাবে ফিরতে পারে, সেটাই এখন দেখার অপেক্ষা।