বিনোদন

গানই আমার ঠিকানা, অভিনয় করেছি ভালো লাগা থেকে: তাহসান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৪:১৭ পিএম

গানই আমার ঠিকানা, অভিনয় করেছি ভালো লাগা থেকে: তাহসান
তাহসান খান। ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই যুগ ধরে গানে গানে পথচলা তাহসান খানের। গায়ক, অভিনেতা ও উপস্থাপক হিসেবে নিজেকে নানা মাত্রায় প্রতিষ্ঠিত করলেও তাহসান আজও নিজেকে মনে করেন একজন গায়ক। সংগীতই তার আত্মার সবচেয়ে কাছের জায়গা। এবার সেই সংগীতজীবনের রজতজয়ন্তী উদ্‌যাপন করছেন অস্ট্রেলিয়ায় এক মাসব্যাপী কনসার্ট সফরের মধ্য দিয়ে।

আগামী ৬ সেপ্টেম্বর অ্যাডিলেইডে প্রথম কনসার্ট দিয়ে শুরু হচ্ছে এই সফর। এরপর ব্রিসবেন, সিডনি, মেলবোর্ন এবং পার্থে পারফর্ম করবেন তিনি। অনেক আগেই কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। দর্শক-শ্রোতার ভালোবাসাকে সম্মান জানাতেই এই আয়োজন, জানালেন তাহসান।

গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বললেন, “এই সফরে আমি আমার পুরোনো প্রিয় গানগুলো গাইব, তবে কিছু গানে নতুন অ্যারেঞ্জমেন্ট আনছি যেন শ্রোতারা পুরোনোর মধ্যে নতুন কিছু খুঁজে পান। কিছু বিশেষ চমকও থাকবে, যা কনসার্টেই দেখা যাবে।”

tahsan1_Dhakaprokash.jpg

২৫ বছরের সংগীত যাত্রা ও অভিজ্ঞতা-

দীর্ঘ ২৫ বছরের সংগীতজীবন নিয়ে তাহসান বলেন, “এখনও বিশ্বাস করতে কষ্ট হয়, এতটা পথ পেরিয়ে এসেছি। এই সময়টা ছিল শেখার, গড়ে ওঠার আর কৃতজ্ঞ থাকার সময়। সংগীত শুধু আমার ক্যারিয়ার নয়, এটি আমার পরিচয়। শ্রোতারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তা ছাড়া এই পথচলা সম্ভব ছিল না।”

তিনি মনে করেন, একজন শিল্পীর জীবন কখনোই মসৃণ হয় না। “উত্থান-পতনের মধ্য দিয়েই শিল্পী গড়ে ওঠে,” বলেন তাহসান। “এই দীর্ঘ সময়ে সংগীত আমাকে শিখিয়েছে ধৈর্য, নিষ্ঠা আর মানুষের সঙ্গে আন্তরিক সম্পর্কের গুরুত্ব। হিট গান সাময়িক হতে পারে, কিন্তু মানুষের ভালোবাসা দীর্ঘস্থায়ী।”

tahsan2_Dhakaprokash.jpg

অভিনয়ে বিরতি, কেন?

যদিও তাহসান অভিনয়েও জনপ্রিয়তা পেয়েছেন, তবে সাম্প্রতিক বছরগুলোতে অভিনয়ে তাকে দেখা যাচ্ছে না খুব একটা। এ প্রসঙ্গে তিনি বলেন, “গানই আমার মূল জায়গা। অভিনয় করেছি কেবল ভালো লাগা থেকে। দর্শক সেটাও গ্রহণ করেছেন। তবে ইচ্ছে করেই অভিনয়ে বিরতি নিয়েছি। সবশেষ অভিনয় করেছি ওয়েব সিরিজ ‘বাজি’-তে।”

উপস্থাপক তাহসান: ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর অভিজ্ঞতা

গান ও অভিনয়ের বাইরে তাহসানকে দেখা গেছে ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর উপস্থাপক হিসেবে। অনুষ্ঠানটির অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, “একেবারেই নতুন ধাঁচের কাজ। এখানে সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ হয়, প্রতিযোগিতা, হাসি-ঠাট্টা সব মিলিয়ে দারুণ সময় কেটেছে।”

তাহসান বলেন, “এই শোর আন্তর্জাতিক সংস্করণ অনেক আগে থেকেই দেখতাম, স্টিভ হার্ভের উপস্থাপনা আমার ভালো লাগত। তবে আমি তাকে অনুকরণ করিনি। চেষ্টা করেছি নিজের মতো করে দেশীয় দর্শকের উপযোগী উপস্থাপনা করতে। দর্শকও সেটা ভালোভাবে গ্রহণ করেছেন। আমাদের দেশে পারিবারিক বিনোদনের জায়গায় এই ধরনের অনুষ্ঠান খুব দরকার ছিল।”