বিনোদন

কিংবদন্তী লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৫ পিএম

কিংবদন্তী লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন মারা গেছেন
ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

বাংলা সংগীতের আকাশ থেকে নিভে গেল এক উজ্জ্বল নক্ষত্র। লালনসঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম নিমেরি উপল। তিনি বলেন, “আম্মা আমাদের ছেড়ে চলে গেছেন। পরিবারের সবার সঙ্গে কথা বলে জানাজা ও দাফনের বিষয়ে জানানো হবে।”

এদিকে, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী-ও এই তথ্য নিশ্চিত করেছেন।

গত কয়েক বছর ধরে কিডনি জটিলতা ও শ্বাসকষ্টসহ নানা রোগে ভুগছিলেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিস চলছিল তার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চলতি বছরের ৫ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংগীতের সঙ্গে ফরিদা পারভীনের পথচলা শুরু হয়েছিল ১৯৬৮ সালে, রাজশাহী বেতারের তালিকাভুক্ত নজরুলসংগীতশিল্পী হিসেবে। এরপর ১৯৭০-এর দশকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু তিনি চিরস্থায়ী আসন গেড়ে নেন লালনসঙ্গীতে। তার কণ্ঠে ‘নিন্দাজ্ঞান যদি পরহে মানুষের’, ‘তোমার সৃষ্টি যদি ভুলে যাই’, ‘আমি অপার হয়ে বসে আছি’সহ অসংখ্য গান হয়ে উঠেছে কালজয়ী।

১৯৮৭ সালে সংগীতে বিশেষ অবদানের জন্য সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এরপর ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ২০০৮ সালে জাপান সরকারের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ অ্যাওয়ার্ড-সহ বহু আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।