বিনোদন
স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা, মারা গেছেন কণ্ঠশিল্পী জুবিন গর্গ
ভারতীয় সংগীত অঙ্গনে নেমেছে শোকের ছায়া। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ আর নেই। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারাত্মক আহত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিন দুর্ঘটনার শিকার হন। দ্রুত তাকে উদ্ধার করে সিঙ্গাপুরের একটি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায়ই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জুবিন গিয়েছিলেন সিঙ্গাপুরে অনুষ্ঠিত 'নর্থ ইস্ট ফেস্টিভ্যাল'-এ অংশ নিতে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য এই আন্তর্জাতিক উৎসবে জুবিন ছিলেন বিশেষ অতিথি ও পারফর্মার হিসেবে। সেই আনন্দময় সফরই হয়ে ওঠে তার জীবনের শেষ সফর।

মর্মান্তিক এ খবরে শোকাহত তার পরিবার, ভক্ত ও সহকর্মীরা। জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গ এরইমধ্যে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিয়েছেন।
উল্লেখ্য, জুবিন গর্গ শুধু ভারতের নয়, উপমহাদেশের সংগীতপ্রেমীদের কাছেই পরিচিত এক নাম। তার কণ্ঠে ‘ইয়া আলী’, ‘দিল তু হি বতা’, ‘হ্যায় আশিকি’সহ বহু জনপ্রিয় গান শ্রোতাদের হৃদয়ে গেঁথে আছে।