বিনোদন

প্রকাশ পেল তাহসানের সংগীতজীবনের শেষ গান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ০৫:২১ পিএম

প্রকাশ পেল তাহসানের সংগীতজীবনের শেষ গান
ছবি: সংগৃহীত

একটি গান দিয়ে শুরু, আরেকটি গান দিয়েই শেষ। তাহসান খানের দীর্ঘ দুই দশকের সংগীতযাত্রা এবার পৌঁছেছে অবসানের দরজায়। শনিবার (১৮ অক্টোবর) নিজের জন্মদিনে প্রকাশ করলেন নিজের সংগীত জীবনের শেষ গান, নাম ‘প্রাকৃতিক’।

শ্রোতা-ভক্তদের জন্য এটি কেবল একটি গান নয়, বরং এক যুগের বিদায়ী সুর। অভিনয় থেকে সংগীত- দুটি জগতে সমান জনপ্রিয় ছিলেন তাহসান। কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন, সংগীত থেকে সরে দাঁড়াচ্ছেন। ব্যক্তিগত জীবনের নীরব পর্বে প্রবেশ করতে চান তিনি। বলেছিলেন, “গান গাওয়া শেষ, এবার সময়টা শুধু নিজের জন্য।”

tahsan1_Dhakaprokash.jpg

সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই এল ‘প্রাকৃতিক’ তাহসানের শেষ গান।

তবে এই গানটি একেবারেই নতুন নয়। ২০০৩ সালে ব্যান্ড ব্ল্যাকের অ্যালবাম ‘উৎসবের পর’-এ গানটি প্রথমবার আসে জন কবির ও তাহসান খানের যৌথ কণ্ঠে।

২২ বছর পর সেই গানকেই নতুন সংগীতায়োজনে, এককভাবে গাইলেন তাহসান। সুর ও কথায় কোনো পরিবর্তন না এনে, আধুনিক যন্ত্রানুষঙ্গ আর নিখুঁত সাউন্ড ডিজাইনের মাধ্যমে গানটি ফিরে এসেছে আরও পরিণত, আরও আবেগতাড়িত হয়ে।

গানটি প্রকাশিত হয়েছে তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে, ‘পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট’ নামের প্রকল্পের শেষ অধ্যায় হিসেবে। এই প্লেলিস্টে আগে তাহসানের পুরোনো জনপ্রিয় গানগুলোই ফিরে এসেছে নতুন সংগীতবিন্যাসে।

tahsan2_Dhakaprokash.jpg

তাহসানের এই ঘোষণা অনেকের জন্য আকস্মিক। কারণ তিনি ছিলেন এমন এক কণ্ঠ, যাকে ঘিরে তৈরি হয়েছে অগণিত শৈশব-কৈশোর-যৌবনের স্মৃতি। তার গান মানেই কোনো না কোনো সম্পর্ক, গল্প, হারিয়ে যাওয়া সময়ের প্রতিধ্বনি।

শেষ সাক্ষাৎকারে তাহসান বলেছিলেন, “তিনটা গান রেকর্ড করা ছিল। মনে হয়েছিল, আর প্রকাশ করব না। তবে ‘প্রাকৃতিক’ শুধু প্রকাশের অপেক্ষায় ছিল। সেটাই শ্রোতাদের জন্য রেখে গেলাম।”