বিনোদন
দ্বিতীয়বারের মতো ঢাকায় আসছেন ভারতীয় সংগীতশিল্পী অনুভ জৈন
জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুভ জৈন আবারও ঢাকায় আসছেন। সুরেলা কণ্ঠে হৃদয় ছোঁয়া গান উপহার দেওয়া এই তরুণ শিল্পী দ্বিতীয়বারের মতো বাংলাদেশের মঞ্চ মাতাতে যাচ্ছেন।
ইভেন্ট পার্টনার ট্রিপল টাইম কমিউনিকেশনস শুক্রবার (২৪ অক্টোবর) নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে এই খবর নিশ্চিত করেছে। ভিডিওটিতে অনুভ জৈনের বিভিন্ন গানের দৃশ্যের সঙ্গে পর্দায় ভেসে ওঠে বার্তা—‘আসছে নভেম্বরেই ঢাকায় আসছেন অনুভ জৈন’।
ভিডিওর ক্যাপশনে লেখা ছিল, “অরোরা নাইট চলছে! নভেম্বরের আকাশ, শীতের হাওয়া, বাতাসে ‘বারিশেইন’। জাদুর সাথে রাত হোক আলোকিত—মিস করবেন না!”
জানা গেছে, “অরোরা নাইট” শিরোনামে অনুষ্ঠিত হতে যাওয়া এই কনসার্টের অনলাইন টিকিট বিক্রি ইতোমধ্যেই শুরু হয়েছে। তবে আয়োজক প্রতিষ্ঠান হাইপ নেশন এখনো কনসার্টের সুনির্দিষ্ট তারিখ ও ভেন্যু প্রকাশ করেনি।
উল্লেখ্য, অনুভ জৈন প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ২০২৩ সালে ‘লেটস ভাইব ঢাকা’ কনসার্টে। সেই সময় তার সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান, প্রীতম হাসান ও জেফার পারফর্ম করেছিলেন।
ভারতের মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনুভ জৈন আধুনিক ভারতীয় সংগীতে নতুন ধারার সুর সৃষ্টি করেছেন। তার সংগীতজীবন শুরু হয় ২০১২ সালে নিজের লেখা ও সুর করা গান ‘মেরি বাতমে তু’ দিয়ে, যা তিনি ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন।
তবে তিনি পেশাদার সংগীতশিল্পী হিসেবে আলোচনায় আসেন ‘বারিশেইন’ গানটির মাধ্যমে। এরপর একে একে শ্রোতাপ্রিয় হয়েছে তার একাধিক গান—‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’, ‘গুল’ ইত্যাদি।
নভেম্বরের ঠাণ্ডা হাওয়ায় অনুভ জৈনের সুরেলা কণ্ঠে আবারও ঢাকার আকাশ ভরে উঠবে এমনই প্রত্যাশা তার অসংখ্য ভক্তদের।