বিনোদন
টেইলর সুইফটের বিয়ের তারিখ জানালেন মেয়র জোহরান মামদানি
বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল খেলোয়াড় ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহ দীর্ঘদিনের। তাদের সম্ভাব্য বিয়ে নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই নতুন করে আলোচনা তৈরি করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মঙ্গলবার (১৬ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎই টেইলর সুইফটের বিয়ের প্রসঙ্গ টানেন মেয়র। নিউইয়র্কে গ্রীষ্মকালীন নানা আয়োজনের কথা বলতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
জোহরান মামদানি বলেন, ‘এই সময়ে এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্যাপন রয়েছে। একই সময়ে টেইলর সুইফটের বিয়েও হচ্ছে। সব মিলিয়ে আমরা বিশ্ববাসীকে স্বাগত জানাতে প্রস্তুত।’
মেয়রের এই বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কারণ এখনো পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ের তারিখ ঘোষণা করেননি। ফলে অনেকেই ধারণা করছেন, মেয়র হয়তো অনিচ্ছাকৃতভাবে গোপন কোনো তথ্য ফাঁস করে ফেলেছেন।
পরে সাংবাদিকরা সরাসরি জানতে চান, তিনি কি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত? জবাবে হাস্যরসের সঙ্গে মেয়র বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি, যাওয়ারও পরিকল্পনা নেই। তবে তাদের জন্য শুভকামনা রইল।’
মজার ছলে তিনি টেইলরের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর কথাও উল্লেখ করে বলেন, তিনি বাড়িতে বসেই গানটি শুনবেন।
এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ে অনুষ্ঠিত হতে পারে। সম্ভাব্য ভেন্যু হিসেবে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের নামও শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বিয়ের অতিথি তালিকায় হলিউড ও সংগীত অঙ্গনের বেশ কয়েকজন তারকার নাম ঘুরে বেড়াচ্ছে। তাদের মধ্যে রয়েছেন জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ ও সেলেনা গোমেজ।
উল্লেখ্য, ২০২৩ সালে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি বিশ্বজুড়ে আলোচিত তারকা জুটিতে পরিণত হন। ২০২৫ সালের আগস্টে বিয়ের প্রস্তাবের মাধ্যমে তাদের সম্পর্ক নতুন মাত্রা পায়।