বিনোদন

দীর্ঘ অপেক্ষার অবসান, বিয়ে করলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:২৬ পিএম

দীর্ঘ অপেক্ষার অবসান, বিয়ে করলেন টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসি
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট এবং এনএফএল তারকা ট্র্যাভিস কেলসি। শুক্রবার (৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ঐতিহাসিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে শুরু হওয়া টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির সম্পর্কটি শুরু থেকেই ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গড়ে ওঠা এই প্রেমকাহিনী শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে আয়োজিত এ রাজকীয় অনুষ্ঠানের পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ডিজিটাল পর্দায় বেগুনি রঙে ভেসে ওঠে ‘জাস্ট অ্যান্ড টি ম্যারেড’ বার্তা।

বিয়ের আয়োজনেও ছিল ভিন্নতা। প্রচলিত নিয়ম ভেঙে অনুষ্ঠানে রাখা হয়নি ব্রাইডসমেড বা গ্রুমসম্যান। টেলর সুইফটের ‘ম্যান অব অনার’ হিসেবে ছিলেন তার ভাই অস্টিন সুইফট এবং ট্র্যাভিস কেলসির ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন তার ভাই জেসন কেলসি। তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ঘনিষ্ঠ বন্ধু ও জনপ্রিয় অভিনেতা অ্যাডাম স্যান্ডলার।

বিয়ের পোশাকে ছিল আভিজাত্য ও আধুনিকতার সমন্বয়। খ্যাতনামা ডিজাইনার জোনাথন অ্যান্ডারসনের নকশায় ক্রিশ্চিয়ান ডিওরের হাউট কউচার পোশাকে সেজেছিলেন এই তারকা জুটি। পায়ে ছিল কাস্টম ক্রিশ্চিয়ান লুবুটিন জুতো এবং টেলর সুইফটের সাজে কার্টিয়ারের গয়না যোগ করে বাড়তি জৌলুস।

টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির প্রেমের শুরুটাও ছিল বেশ নাটকীয়। এক পডকাস্টে ট্র্যাভিস কেলসি জানিয়েছিলেন, কানসাস সিটিতে টেলরের ‘এরাস ট্যুর’ কনসার্টে গিয়েও তার সঙ্গে দেখা করতে পারেননি তিনি। পরে সেই ঘটনাটি টেলর সুইফট মজার ছলে তুলে ধরেন গণমাধ্যমে। সেই না-পাওয়ার গল্প থেকেই শুরু হওয়া সম্পর্ক আজ বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল।