বিনোদন

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৯:৩৬ পিএম

ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিলেন আসিফ আকবর
ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ফেসবুক থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে সক্রিয় থাকা এই শিল্পী এরই মধ্যে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে একটি সিনেমার সংবাদ সম্মেলনে অংশ নিয়ে বিষয়টি জানান আসিফ আকবর। একই সঙ্গে ফেসবুক থেকে সরে যাওয়ার কারণও তুলে ধরেন তিনি।

আসিফ বলেন, একসময় মানুষের মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে পরিচিত ফেসবুক এখন আগের অবস্থানে নেই। সেখানে ধর্মীয় প্রচার থেকে শুরু করে অনলাইন কেনাকাটা—বিভিন্ন ধরনের কর্মকাণ্ড যুক্ত হয়েছে। তার ভাষায়, ‘ফেসবুক ছিল একটা সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু ফেসবুকে এখন ধর্ম প্রচার হচ্ছে, অনলাইন অর্ডার করা হচ্ছে। ফেসবুক এখন আর ফেসবুকের জায়গায় নেই।’

বর্তমানে ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্যের সত্যতা যাচাই করা কঠিন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন এই শিল্পী। যাচাই-বাছাই ছাড়াই বিভিন্ন খবর ও গুজব ছড়িয়ে পড়ায় তারকারাও অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বলে জানান তিনি।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, বিভিন্ন সময় তার নামে এমন বক্তব্য প্রচার করা হয়েছে, যা তিনি কখনোই দেননি। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্টদের ফোন করে জানাতে হয়েছে যে, ওই বক্তব্য তার নয়।

আসিফের ভাষায়, ‘কোন নিউজ বিশ্বাস করব, কোনটি সত্য—বলা যায় না। আমাকে রিউমার স্ক্যান করে ফোন দিয়ে বলতে হয়, ভাই, আমি তো এটা বলিনি।’

তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রকাশের আগে অবশ্যই এর সত্যতা যাচাই করা উচিত। বিশেষ করে তারকাদের বক্তব্য বা তাদের নিয়ে কোনো খবর প্রকাশের ক্ষেত্রে সামান্য ভুলও মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে।

ফেসবুকের এমন পরিবেশে নিজেকে মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত প্ল্যাটফর্মটি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আসিফ আকবর। তবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকলেও সংগীত থেকে দূরে যাচ্ছেন না তিনি।

গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি নিয়মিত মঞ্চ অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন আসিফ আকবর।