বিনোদন

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪৫ এএম

ডেঙ্গুতে স্ত্রীকে হারিয়ে ড্রামার আদনান রুশদীর হার্ট অ্যাটাক
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে স্ত্রী শিরিন সুলতানাকে হারিয়ে শোকে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিছুদিন আগেও স্ত্রী ও সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছিলেন আদনান রুশদী। তবে হঠাৎ করেই তার সামাজিক যোগাযোগমাধ্যমের চিত্র বদলে যায়। ডেঙ্গু আক্রান্ত স্ত্রী শিরিন সুলতানার জন্য রক্তের আবেদন জানিয়ে একের পর এক পোস্ট দিতে দেখা যায় তাকে।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শিরিন সুলতানার রক্তে প্লাটিলেটের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যায়। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা যান তিনি।

স্ত্রীর আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে গভীর শোকে হৃদরোগে আক্রান্ত হন আদনান রুশদী। এই দম্পতির চার বছর বয়সী একটি সন্তান রয়েছে।

দীর্ঘদিন ধরে বাংলা ফাইভ ব্যান্ডের নিয়মিত ড্রামার হিসেবে কাজ করছেন আদনান রুশদী। বিভিন্ন সময়ে ভোকালিস্ট হিসেবেও গান করেছেন তিনি। এছাড়া জনপ্রিয় ব্যান্ড চিরকুটসহ দেশের আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গে ড্রামস বাজিয়েছেন এই শিল্পী।

আদনান রুশদী ও তার পরিবারের এই কঠিন সময়ে শোক জানিয়েছে ব্যান্ড চিরকুট। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ব্যান্ডটি জানায়, ২০০৫-০৬ সালের দিকে চিরকুটের সহযাত্রী হিসেবে কিছুদিন ড্রামস বাজিয়েছিলেন রুশদী।

বার্তায় আরও বলা হয়, পরিবারের এমন কঠিন পরিস্থিতিতে তারা গভীরভাবে শোকাহত। একই সঙ্গে আদনান রুশদীর দ্রুত সুস্থতা কামনা এবং তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করেছেন ব্যান্ডটির সদস্য ও ভক্তরা।