সারাবিশ্ব
সুদানে ভয়াবহ ভূমিধসে পুরো গ্রাম নিশ্চিহ্ন, নিহত অন্তত ১ হাজার
সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত এক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে। অলৌকিকভাবে বেঁচে গেছেন কেবল একজন বাসিন্দা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (SLM) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি প্রকাশ করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিন ধরে টানা ভারী বৃষ্টিপাতের পর গত ৩১ আগস্ট দারফুর অঞ্চলের মারা মাউন্টেইনস এলাকায় ভয়াবহ ভূমিধস হয়। গ্রামটি ওই অঞ্চলে অবস্থিত এবং এর নিয়ন্ত্রণ সুদান লিবারেশন মুভমেন্টের হাতে।
সুদান লিবারেশন মুভমেন্ট (SLM) জানিয়েছে, ভূমিধসে নিহতদের মরদেহ উদ্ধারে তারা হিমশিম খাচ্ছে। এ কারণে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে সহায়তার আবেদন জানানো হয়েছে।
প্রসঙ্গত, সুদানের উত্তর দারফুর রাজ্যে সেনাবাহিনী ও আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (RSF)-এর মধ্যে চলমান সংঘাতের কারণে অনেক মানুষ পালিয়ে এসে মারা মাউন্টেইনসে আশ্রয় নিয়েছিল। এর মধ্যেই ভূমিধসের ঘটনায় সেই শরণার্থীদেরও মৃত্যু হয়েছে।
বর্তমানে এলাকায় খাদ্য ও ওষুধের তীব্র সংকট বিরাজ করছে। দুই বছর ধরে চলমান গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুহারা হয়েছে। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশির এখনো নিয়মিত হামলার মুখে পড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।