সারাবিশ্ব

কঙ্গোর তামা খনি ধসে নিহত অন্তত ৪০ শ্রমিক 


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১২:১১ পিএম

কঙ্গোর তামা খনি ধসে নিহত অন্তত ৪০ শ্রমিক 
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লুয়ালাবা প্রদেশের কালান্ডো খনিতে ভয়াবহ দূর্ঘটনা ঘটেছে। খনির একটি অস্থায়ী মই ভেঙে প্রায় ৪০ শ্রমিক মারা গেছেন।

খনি তদারকি সংস্থা এসএইএমএপি নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী রোয়া কাওমবে মায়োন্ডে মৃত্যুর সংখ্যা অন্তত ৩২ জন উল্লেখ করেছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভারী বৃষ্টির কারণে খনিতে প্রবেশে আগেই নিষেধাজ্ঞা ছিল। এর পরও বিপুল সংখ্যক শ্রমিক বেপরোয়া ভাবে খনিতে প্রবেশ করেন। খনিতে বন্যার পানি ঠেকাতে একটি অস্থায়ী মই নির্মাণ করা হয়েছিল। শ্রমিকরা একসঙ্গে সেই মই পার হওয়ার চেষ্টা করলে এটি ভেঙে পড়ে, মাটির ধস নেমে যায় এবং শ্রমিকরা একে অপরের ওপর পড়ে ব্যাপক প্রাণহানি ঘটে।

এসএইএমএপি-এর প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলে সেনাদের গুলির শব্দে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা ধসের ঘটনায় আরও যোগ করেছে। দীর্ঘদিন ধরে খনির বৈধ পরিচালনাকারীদের সঙ্গে বেপরোয়া খনিকর্মীদের মধ্যে বিরোধ চলছিল।

জাতীয় মানবাধিকার কমিশনের প্রাদেশিক সমন্বয়ক আর্থার কাবুলো জানিয়েছেন, কালান্ডো খনিতে ১০ হাজারের বেশি শ্রমিক কাজ করেন। এই দূর্ঘটনার পর প্রাদেশিক কর্তৃপক্ষ সকল কার্যক্রম স্থগিত করেছে।

এদিকে মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা খতিয়ে দেখার জন্য স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। তাদের মতে, খনিশ্রমিকদের সঙ্গে সেনাদের সংঘর্ষের অভিযোগ পাওয়া গেছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।