সারাবিশ্ব
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিটোরিয়ায় দোয়া মাহফিল ও শোকবই উন্মোচন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সুদূর দক্ষিণ আফ্রিকায় এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) প্রিটোরিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত ও খতমে কোরআন সম্পন্ন করা হয়।
হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই শোকাতুর অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্য, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মরহুমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করা হয়।
বিশেষ দোয়া ও মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি বাংলাদেশের উত্তরোত্তর শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার জন্য পরম করুণাময় আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
কূটনৈতিক শোকবই উন্মোচন: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনের শোক প্রকাশের সুবিধার্থে হাইকমিশনে একটি শোকবই খোলা হয়েছে। সেখানে দক্ষিণ আফ্রিকায় দায়িত্বরত বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাক্ষর করে তাদের সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছেন। হাইকমিশন জানিয়েছে, আগামী ৬ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট সময়ে এই শোকবই সবার জন্য উন্মুক্ত থাকবে।