সারাবিশ্ব

এবার সুনান থেকে ১০টি মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১১:৪২ এএম

এবার সুনান থেকে ১০টি মিসাইল নিক্ষেপ করল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

আবারও অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে একসঙ্গে ১০টি মাল্টিলঞ্চার মিসাইল নিক্ষেপ করেছে দেশটি। এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।

দক্ষিণ কোরিয়ার তরফ থেকে জানানো হয়, ছোড়া মিসাইলগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল বলে তারা ধারণা করছে। তবে মিসাইলগুলোর ধরণ, পাল্লা বা লক্ষ্যবস্তুর বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজ্যুলেশন অনুযায়ী উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ। তবুও দীর্ঘদিন ধরেই দেশটি এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকরা মনে করছেন, চলমান যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া সামরিক মহড়াকে কেন্দ্র করেই উত্তর কোরিয়া এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে। এ ধরনের মিসাইল নিক্ষেপকে শুধুই অস্ত্র পরীক্ষা না দেখে রাজনৈতিক বার্তা হিসেবেও ব্যাখ্যা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।

উত্তর কোরিয়ার এই সাম্প্রতিক কার্যক্রমকে ‘উসকানিমূলক’ হিসেবে অভিহিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়ই। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে।

সূত্র: রয়টার্স